সততার পক্ষে থাকবে প্রথম আলো, প্রত্যাশা পাঠকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নোত্তর পর্বে পাঠক ও সুধীজনদের মধ্য থেকে প্রশ্ন করেন অনেকেই। প্রশ্ন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। ছবি: মঈনুল ইসলাম
প্রশ্নোত্তর পর্বে পাঠক ও সুধীজনদের মধ্য থেকে প্রশ্ন করেন অনেকেই। প্রশ্ন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী। ছবি: মঈনুল ইসলাম

শীতের বিকেল গড়িয়ে সন্ধ্যা। একই শামিয়ানার নিচে একে একে এলেন বিশিষ্ট অতিথিরা। তাঁদের মধ্যে আছেন মুক্তিযোদ্ধা, রাজনীতিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী, মানবাধিকার কর্মী, নারী সংগঠক, চিকিৎসক, শিক্ষক, প্রশাসনের কর্মকতাসহ অনেকেই। বিশিষ্ট ব্যক্তিদের পদচারণা, বক্তব্য আর গল্প আড্ডায় মুখরিত হলো চারপাশ।

প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রংপুর শহরের কামাল কাছনায় অ্যাসোড ট্রেনিং সেন্টারে আয়োজিত সুধী সমাবেশের দৃশ্য ছিল এমনই। সুধীজনদের কয়েকজন বক্তব্য দিতে গিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রথম আলো সততার পক্ষে আছে। ভবিষ্যতেও থাকবে।
সন্ধ্যা ছয়টা থেকে আমন্ত্রিত অতিথিরা একে একে আসতে শুরু করেন। তাঁদের অভ্যর্থনা জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, সার্কুলেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সুব্রত শীল, উপব্যবস্থাপক (ইভেন্ট ও অ্যাকটিভেশন) কবির বকুল, বিশাল বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তুহিন সাইফুল্লাহ। রংপুর বন্ধুসভার বন্ধুরা গোলাপ ফুল দিয়ে অতিথিদের স্বাগত জানান।
সন্ধ্যা সাতটায় শুরু হয় অনুষ্ঠান। অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন রংপুরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। এরপর দেখানো হয় প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘অদম্য মেয়েরা’। এতে ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ফুটবলার মেয়েদের হার না-মানা গল্প দেখানো হয়।
একপর্যায়ে মঞ্চে আসেন রংপুরের বিশিষ্ট শিক্ষাবিদ কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল হক। তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকে প্রথম আলোর পাঠক। আমি দেখেছি, প্রথম আলো সব সময় সততার পক্ষে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। উন্নয়নমূলক আরও বেশি বেশি খবর প্রকাশের প্রত্যাশা করি।’
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, তারুণ্যের শক্তি বাংলাদেশের সম্ভাবনা। এই শক্তি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। তিনি বলেন, এই রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ থেকে বেগম রোকেয়া নারী জাগরণের জন্য কাজ করেছেন। আমাদের এই দেশ এগিয়ে গেছে। আরও এগিয়ে যাবে।
বক্তব্য পর্ব শেষে শুরু হয় পাঠকদের পরামর্শ ও প্রশ্ন গ্রহণের পর্ব। আনিসুল হকসহ অনুষ্ঠানে উপস্থিত প্রথম আলোর বিভিন্ন বিভাগে কর্মরত ব্যক্তিরা পাঠকদের পরামর্শ গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শিল্পী দিনাত জাহান মুন্নীর কণ্ঠে একাধিক গান দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পরে নৈশভোজে যোগ দেন অতিথিরা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একেএম নূর-উন-নবী, এফবিসিসিআইয়ের পরিচালক মোস্তফা আজাদ চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, সচেতন নাগরিক কমিটির সভাপতি মোশফেকা রাজ্জাক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ।