সততার পুরস্কার

ছিলেন ডিজাইনার। ভালো না লাগায় চাকরি ছেড়ে যোগ দেন দুবাই ট্যাক্সিতে। সেখানে চালক হিসেবে যোগ দেওয়ার পর থেকে যাত্রী নিয়ে সংযুক্ত আরব আমিরাত চষে বেড়ান আরিফুল ইসলাম।
এই পেশায় আসার কারণে পরিবার-পরিজন ছেড়ে দূরে থাকতে হলেও কাজটায় বেশ মজা পান বাংলাদেশি এই তরুণ। চাকরির দুই বছরের মাথায় সেই মজার সঙ্গে যুক্ত হলো আরেক সুখানুভূতি। সততার অনন্য দৃষ্টান্ত রেখে দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) মাধ্যমে প্রশংসিত ও পুরস্কৃত হলেন তিনি।
আরিফুলের ট্যাক্সিতে টাকার ব্যাগ ফেলে রেখে গিয়েছিলেন বেখেয়াল এক যাত্রী। তা-ও দু-এক টাকা নয়—প্রায় ৫০ লাখ টাকা (২ লাখ ৩৫ হাজার দিরহাম)। আরিফুলের মুখেই শোনা যাক ঘটনাটা, ‘গত বছর ঘটেছিল ঘটনাটা। সেটা রমজানের শেষের দিকের কথা। একজন যাত্রী ক্যাব থেকে নেমে যাওয়ার সময় নিজের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে যেতে ভুলে যান। আমি সেটা খেয়াল করিনি। ওই যাত্রী নেমে যাওয়ার পরেও কয়েকজন যাত্রীকে গাড়িতে তুলেছি ও নামিয়ে দিয়েছে। যাত্রী টেনে ক্লান্ত হওয়ার পর যখন বিশ্রাম নিচ্ছিলাম, তখনই বিষয়টা খেয়াল করলাম। দেখলাম, সিটের দুই সারির মাঝখানে একটা কাগজের ব্যাগ পড়ে আছে।...হাতে তুলে নিয়ে বুঝতে পারলাম ভেতরে টাকা আছে। গুনে দেখলাম, মোট ২ লাখ ৩৫ হাজার দিরহাম।’
আরিফুল বলে চললেন, ‘আমি আরটিএকে ফোন করলাম। এরপর টাকার ব্যাগটা তাদের অফিসে জমা দিয়ে দিলাম। ঘটনার একদিন পর সেই যাত্রী আরটিএ দপ্তরে গিয়েছিলেন। তখন তাঁকে জানানো হয়, টাকার ব্যাগটি অক্ষত আছে। আমাকেও ডাকা হয়েছিল। আমি সেই যাত্রীর সঙ্গে সাক্ষাৎও করেছিলাম, যিনি ইরানের নাগরিক। আমাকে তিনি পুরস্কার হিসেবে ৩০০ দিরহাম দিয়েছিলেন।’
দুবাইয়ের আরটিএ সততার পুরস্কার হিসেবে আরিফুলকে একটি ব্যাজ ও একটি সনদ দিয়েছে। এখন থেকে তিনি সেই ব্যাজ পরে গর্বের সঙ্গে রাস্তায় ট্যাক্সি চালিয়ে বেড়াবেন।
সূত্র: এমিরেটস ২৪৭ ডটকম।