সততার পুরস্কার

রাস্তায় ৪০ হাজার ৫০০ টাকা কুড়িয়ে পেয়েছিলেন রিকশাচালক মো. মানিক। টাকার মালিককে খুঁজে না পেয়ে তিনি টাকাগুলো ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) হাতে তুলে দেন। এ সততার স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কৃত করেছে পুলিশ।
মানিকের বাড়ি দিনাজপুর সদর উপজেলার কালীতলা এলাকায়। তিনি কয়েক বছর থেকে ফেনীতে রিকশা চালান। মানিক ফেনী পৌরসভার খাজুরিয়া এলাকায় থাকেন। গত রোববার মহিপাল আনসার ক্যাম্পের সামনের সড়কে কাপড় মোড়ানো টাকাগুলো পেয়েছিলেন তিনি।
গতকাল সোমবার বিকেলে ফেনী সদর থানায় ওপেন হাউস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মো. মানিকের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে পুরস্কার হিসাবে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার আমিরুল আলম।