সততার পুরস্কার
ভুলক্রমে রেখে যাওয়া অর্থ ও মূল্যবান কাগজপত্র যাত্রীকে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি এক ট্যাক্সিচালক। পুরস্কার হিসেবে পেয়েছেন অর্থ, উপহারসামগ্রী ও সনদ।বাংলাদেশি ওই ট্যাক্সিচালকের নাম সালিম আহমেদ সুরেশ। তিনি শারজাহর ইতিহাদ ট্যাক্সি কোম্পানিতে কর্মরত বলে জানিয়েছে দুবাই থেকে প্রকাশিত সংবাদপত্র খালিজ টাইমস।প্রকাশিত খবরে বলা হয়, ট্যাক্সিচালক সুরেশ গত সপ্তাহে শারজাহর আবু সাগারা এলাকা থেকে শিল্প এলাকায় একজন যাত্রীকে নিয়ে যান। যাত্রীটি নেমে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ট্যাক্সির পেছনের দিকের আসনের ওপর একটি ব্যাগ দেখতে পান সুরেশ। তার ভেতর ছিল ১৬ হাজার দিরহাম (স্থানীয় মুদ্রা) ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। সুরেশ ব্যাগের ওপর লেখা ঠিকানা দেখে তাৎক্ষণিকভাবে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন, যিনি লিবীয় নাগরিক বলে পরে জানা যায়। ওই দিন রাতেই তিনি দেশে ফিরছিলেন। সময়মতো নিজের ব্যাগটি ফিরে পেয়ে তিনি সুরেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ খবর জানাজানি হওয়ার পর শারজাহর পরিবহন বিভাগ সততার স্বীকৃতিস্বরূপ ট্যাক্সিচালক সুরেশকে পুরস্কৃত করার ঘোষণা দেয়। সুরেশের হাতে অর্থ পুরস্কার, মূল্যবান উপহার ও মূল্যায়ন সনদ তুলে দেওয়ার পর শারজাহ পরিবহন বিভাগের সহকারী মহাপরিচালক আরহামা আল শামসি বলেন, প্রতিটি ট্যাক্সিচালককেই সুরেশের সততার দৃষ্টান্ত গ্রহণ করা উচিত। খালিজ টাইমস।