সততার মাধ্যমেই পুলিশকে আস্থা অর্জন করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, মেধা, শ্রম, চারিত্রিক দৃঢ়তা ও সততার মাধ্যমেই পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে। গতকাল শনিবার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে ৩১তম ব্যাচের আউটসাইড ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি বলেন, সম্পদের সীমাবদ্ধতা ও জনমানুষের নেতিবাচক ধ্যান-ধারণার মধ্যেই নবীন পুলিশ কর্মকর্তাদের কর্মজীবন শুরু করতে হবে।নূর মোহাম্মদ বলেন, জনগণের নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসাধন ও অপরাধ দমনের পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধসহ সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রোধে পুলিশের রয়েছে গুরুদায়িত্ব। সকালে ক্যাডেটদের কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ সময় আইজিপি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী চারজন পুলিশ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন তিনি। পুরস্কার পাওয়া কর্মকর্তারা হলেন একাডেমিক বিষয়ে ফিরোজ উদ্দিন, অশ্ব চালনায় সুজন কান্তি বড়ুয়া, মাসকেট্টিতে সাইদুল ইসলাম ও সর্ব বিষয়ে শেষ্ঠত্ব অর্জনকারী আবু রায়হান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (প্রশাসন) বেনজীর আহমেদ, সারদা পুলিশ একাডেমীর প্রিন্সিপাল আবদুস সালাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওবাইদুর রহমান প্রমুখ।