সততার সঙ্গে কাজ করার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সব ক্ষেত্রে সততার সঙ্গে কাজ করার শপথ গ্রহণের মাধ্যমে শেষ হলো প্রথম মিডিয়া ইয়ুথ লিডারশিপ সামিট। গণমাধ্যমে কাজে আগ্রহী তরুণদের নিয়ে রাজধানীর ইএমকে সেন্টারে প্রথমবারের মতো আয়োজন করা হয় ছয় দিনব্যাপী এই সম্মেলনের। গতকাল মঙ্গলবার ছিল সন্মেলনের শেষ দিন।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিম অন’ আয়োজিত এই সন্মেলনে ৪০ জন তরুণ-তরুণী অংশ নেন। যার সবাই এখনো শিক্ষার্থী, তাঁদের মধ্যে দুজন বাংলাদেশে অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীও আছেন।
গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া সম্মেলনে অংশগ্রহণকারীরা একটি সংবাদপত্র এবং একটি টেলিভিশন কার্যালয় ঘুরে গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা নেন। সম্মেলনের বিভিন্ন পর্বে গণমাধ্যমে কর্মরত ব্যক্তিরা অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় ও তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
গতকাল সমাপনী অনুষ্ঠানে চলচিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম অংশগ্রহণকারীদের সনদ প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের সৃষ্টিশীলতাকে কাজে লাগাতে হবে। তরুণদের রাজনীতিবিমুখ না হয়ে, রাজনীতি সচেতন হতে হবে। জীবনে যে কাজই করো না কেন তা অবশ্যই সততার সঙ্গে করতে হবে।’
অংশগ্রহণকারী সৌরভ ঘোষ বলেন, ‘গণমাধ্যম সম্পর্কে জানার আগ্রহ ছিল। তরুণদের গণমাধ্যম বিষয়ে জানানোর এমন সম্মেলন দেশে প্রথম। এতে অংশ নিতে পেরে অনেক কিছু জানতে পারলাম, যেগুলো পাঠ্যবই পড়ে জানা সম্ভব ছিল না।’
সম্মেলনের চতুর্থ দিনে একটি পর্বে অংশ নেন চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, এলিটা করিম, ফরহাদ হাসান, সোহানা নাসরীন। প্রশ্নোত্তর পর্বে ফারুকী তাঁর চলচ্চিত্রে যুক্ত হওয়ার ঘটনা, দেশ-বিদেশে পুরস্কার প্রাপ্তি, ছবিয়াল পরিবারের যাত্রা সবকিছু নিয়ে কথা বলেন।
আয়োজকেরা বলেন, এ রকম সম্মেলন আয়োজনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন গণমাধ্যম ও নিউ মিডিয়াতে কাজ করতে আগ্রহী তরুণদের সঠিক দিকনির্দেশনা প্রদান করা।