বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের উদ্দেশে অভিভাষণ
সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, দক্ষতা ও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মিলনায়তনে এক অভিভাষণে প্রধান বিচারপতি এ আহ্বান জানান।
সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রধান বিচারপতি বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের উদ্দেশে অভিভাষণ প্রদান করলেন। প্রধান বিচারপতি অভিভাষণে সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের আদালতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের কাজের সুবিধা-অসুবিধা ও কিছু ক্ষেত্রে অনিয়ম সম্পর্কেও আলোচনা হয় বলে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রধান বিচারপতি অভিভাষণে দৈনিক কার্যতালিকায় মামলার ক্রম আদালতের নির্দেশ ছাড়া পরিবর্তন না করা, আদালতের আদেশ ও রায় নিষ্পত্তির ক্রম অনুসারে অনতিবিলম্বে টাইপ করে আদালতের স্বাক্ষর নিয়ে সংশ্লিষ্ট শাখায় পাঠানো নিশ্চিত করা ও আগাম জামিন প্রদান-সংক্রান্ত নথি আদালতের স্বাক্ষরের পর বিলম্ব না করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। এ ছাড়া মোশন (নতুন মামলা) মামলার ক্ষেত্রে এফিডেফিট নম্বরের ক্রম ব্যতীত দৈনিক কার্যতালিকায় অন্তর্ভুক্ত না করা এবং সব মোশন মামলার নোটিশে উল্লেখিত বেঞ্চ ব্যতীত অন্য কোনো বেঞ্চ কর্তৃক গ্রহণ করা হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়। এই আদালতের সার্কুলার, আদেশ ও বর্ণিত নির্দেশ অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি এসব কার্যক্রম তদারকের জন্য একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দেন।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। অন্যদের মধ্যে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এরশাদুল আলম ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ কামাল হোসেন শিকদারও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার, বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও কোর্ট অ্যাসোসিয়েটদের প্রতিনিধিরা বক্তব্য দেন।