সততায় গৌরবময় ময়ছের

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ মাঠ। গতকাল বুধবার চলছিল আন্তস্কুল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে প্রধান অতিথির আসনে বসে আছেন লুঙ্গি পরা সাধারণ চেহারার এক লোক। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে তিনি পুরস্কার বিতরণ করবেন।
খোঁজ নিয়ে জানা গেল, প্রধান অতিথির আসনে বসা সাধারণ ওই মানুষটির নাম ময়ছের শেখ (৩৮)। পেশায় একজন ভ্যানচালক। বেড়া উপজেলার নয়াবাড়ী গ্রামের দরিদ্র এ মানুষটিই সম্প্রতি সততার দুর্লভ এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই সাধারণ হয়েও তিনি এখন অসাধারণ এক মানুষ। আর তাই এলাকাবাসী গতকালের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় তাঁকেই প্রধান অতিথি করে সম্মান জানিয়েছেন। পরে সেখানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থীসহ দর্শকেরা তাঁকে সংবর্ধনা দিয়ে সম্মান জানান।
এলাকাবাসী বলেন, গত রোববার (৯ সেপ্টেম্বর) বাবলু সিকদার নামের এক যুক্তরাষ্ট্রপ্রবাসী বেড়া উপজেলার নয়াবাড়ী শাহীনূর জামে মসজিদের সামনে থেকে ময়ছের শেখের ভ্যানে ওঠেন। নয়াবাড়ী উত্তরপাড়ায় পৌঁছার পর বাবলু সিকদার নেমে যান। এ সময় তিনি ছোট একটি ব্যাগ ময়ছেরের ভ্যানের ওপরেই ফেলে যান। ওই ব্যাগে যুক্তরাষ্ট্রের ভিসাসহ পাসপোর্ট, বাংলাদেশি টাকা ও মার্কিন ডলার ছিল। টাকা ও ডলারের মূল্যমান ছিল প্রায় আড়াই লাখ টাকা।
ময়ছের ব্যাগটি পাওয়ার পর স্থানীয় ব্যক্তিদের সহায়তায় বাবলু সিকদারের ঠিকানা খুঁজে বের করেন এবং সবসহ ব্যাগটি তাঁর হাতে তুলে দেন। এরপর ময়ছেরের এই সততার কথা এলাকাবাসীর মাঝে দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে নিয়ে লেখালেখি হয়। স্থানীয় পত্রিকা ও বিভিন্ন অনলাইনে তাঁকে নিয়ে সংবাদও প্রকাশিত হয়।
বেড়ার কাশিনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ এবং সাঁথিয়া উপজেলার স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুল ময়ছেরকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সপ্তাহখানেক আগে শুরু হয় ফুটবল টুর্নামেন্ট। গতকাল ছিল চূড়ান্ত খেলা। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চূড়ান্ত খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ময়ছেরকে প্রধান অতিথি করে তাঁর হাত দিয়েই বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সিদ্ধান্ত হয়। গতকালের খেলায় কাশিনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।
কাশিনাথপুর বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউল হোসেন বলেন, ‘ময়ছের শেখ সততার অনুকরণীয় এক দৃষ্টান্ত। ঘুষ, দুর্নীতিতে ভরা এ সমাজে তাঁর কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাঁকে সংবর্ধনা দিতে পেরে আমরাও গর্বিত।’
প্রধান অতিথির বক্তব্যে ময়ছের বলেন, ‘অন্যের জিনিসের প্রতি আমার কুনু লোভ নাই। ২০ বছর ধইরা রিকশা-ভ্যান চালাই। জীবনে এ রকম আরও দুই-একবার টাকাপয়সা পায়া মালিকরে ফিরায়া দিছি। আমার ছেলেমেয়েদেরও পরের জিনিস না নেওয়ার শিক্ষা দিছি।’
স্কাইলার্ক ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র সিয়াম মাসুম বলে, ‘ময়ছের চাচার মতো সৎ মানুষ হতে চাই।’