সতর্ক করছে কে কাকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তার বিষয়ে বহির্বিশ্বের সতর্কতা জারির কড়া সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি প্রশ্ন রেখে বলেছেন, ‘কে কাকে সতর্ক করছে? আমেরিকা ও ইংল্যান্ডই তো নিজেদের দেশে নাগরিকদের নিরাপত্তা দিতে পারছে না।’
গতকাল শনিবার কুষ্টিয়ার মিরপুরের গোপালপুর দরগাতলা মোড়ে একটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের ওই কথা বলেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, কেউ সতর্কতা জারি করুক, আর না করুক সরকার দেশে সব বিদেশি নাগরিককে নিরাপত্তা দিতে সর্বাত্মক চেষ্টা চালাবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিএনপির নেত্রী খালেদা জিয়া জঙ্গিদের সঙ্গে দোস্তি করার বদভ্যাস ত্যাগ করতে পারেননি। বেগম জিয়া রাজনীতিতে থাকলে গণতন্ত্র আছে, না থাকলে গণতন্ত্র নেই, এই যুক্তি গ্রহণযোগ্য নয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের ব্যাপার নয়। ব্যাপার হলো, রাজনীতিতে জঙ্গি, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে কি থাকবে না।... আমাদের অবস্থান পরিষ্কার: রাজনীতিতে জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও আগুন সন্ত্রাসীরা থাকবে না। তারা থাকলে গণতন্ত্র ধ্বংস হয়, তাদের বাদ রাখলেই গণতন্ত্র নিরাপদ হয়।’
এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।