সতর্ক করুন, স্থগিত রাখুন

তামাকজাত পণ্যের প্যাকেট, কার্টন বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ড তা এক বছরের জন্য স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছে। অভিযোগ উঠেছে, রাজস্ব বোর্ড তামাক কোম্পানিগুলোর স্বার্থ রক্ষাতেই এ অনুরোধ করেছে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল গত বছরের ১৬ মার্চ তামাকজাত পণ্যের প্যাকেট, কার্টন বা কৌটার নিম্নভাগের অন্যূন ৫০ ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপার জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এ বছরের ৪ জুলাই তা বাতিল করে উপরিভাগের ৫০ ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপার জন্য নতুন করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৯ সেপ্টেম্বর থেকে তা কার্যকর করার জন্য বলা হয়েছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আইন অমান্য করলে অনূর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকার অর্থদণ্ড বা উভয় দণ্ডই ভোগ করতে হবে।
এ অপরাধের পুনরাবৃত্তি হলে শাস্তির পরিমাণও দ্বিগুণ হবে। জাতীয় রাজস্ব বোর্ড এ নির্দেশনা এক বছরের জন্য স্থগিত রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। গত ২৪ আগস্ট পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, সিগারেটের প্যাকেটের ওপরের ৫০ ভাগ জায়গাজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ছাপতে গেলে ব্যান্ডরোল যথাযথভাবে লাগানো সম্ভব না বলে তাদের জানিয়েছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান। চিঠিতে উল্লেখ করা হয়, এ ছবি ছাপানোর জন্য নতুন পদ্ধতিতে সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প ও ব্যান্ডরোল লাগানোর প্রযুক্তি ও যন্ত্রপাতি সিগারেট কোম্পানিগুলোর কাছে নেই। সরকারের কর রাজস্ব আহরণের গুরুত্ব বিবেচনায় ও মেশিন আমদানি করতে এক বছরের জন্য এ গণবিজ্ঞপ্তি স্থগিত রাখতে অনুরোধ করা হয়েছে।
আগেও সিগারেট কোম্পানিগুলো ছবি না ছাপতে স্বাস্থ্য ও আইন মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছিল। গত বছরের ৫ জানুয়ারি প্রথম আলোতে ‘ছবিসহ সতর্কবাণী না ছাপতে নানা যুক্তি তামাক কোম্পানির’ শিরোনামে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানেও তাঁরা কারিগরি দক্ষতার সীমাবদ্ধতার কথা বলে।
এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের প্রথম আলোকে বলেন, ‘স্থগিত রাখার কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টেও এ বিষয় নিয়ে রিট হয়েছিল। সেটাও আমাদের পক্ষে। তারা মিটিংয়ে এক কথা বলেছে, চিঠিতে আরেক কথা লিখেছে। ১৯ তারিখ থেকে এটা কার্যকর হওয়ার আশা করছি।’ তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থের চেয়ে জনস্বাস্থ্যের পক্ষে এটা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।
অন্যদিকে স্থগিতের চিঠি প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের মূসক নীতির সদস্য জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা দেশের স্বার্থ রক্ষা করতে চাই। জনগণ ও উন্নয়নের স্বার্থে রাজস্ব আদায়ের জন্য কাজ করছি। ন্যায্যভাবে রাজস্ব আদায়ের মাধ্যমে সরকারকে সহায়তা করতে চাই।’