সতর্ক থাকুন কেউ যাতে আইনশৃংখলার বিঘ্ন ঘটাতে না পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে কেউ যাতে আইনশৃংখলার বিঘ্ন ঘটাতে না পারে সে জন্য সতর্ক থাকতে আলেম-সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহ আহমদ শফির নেতৃত্বে ৮৫ সদস্যের একটি আলেম ও ইসলামিক নেতার প্রতিনিধি দল গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসস, ইউএনবির।প্রধানমন্ত্রী আলেম-সমাজের উদ্দেশে বলেন, সারা দেশে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টির কোনো উদ্যোগ না নিতে পারে, সে জন্য আপনাদের সজাগ থাকতে হবে। কেননা, নৈরাজ্যই সব গোলযোগের মূল। ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনার নেপথ্যে চক্রান্ত ছিল। ইসলামকে শান্তি ও স্বস্তির ধর্ম আখ্যায়িত করে তিনি বলেন, ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। শেখ হাসিনা জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে ওলামায়ে কেরামের সহায়তা কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁদের দ্ব্যর্থহীনভাবে বলেন, তাঁর সরকার দেশের সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’কে বাদ দেওয়ার কথা কখনো বলেনি, তিনি আরও বলেন, বরং ‘আমরা বলেছি কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যায় এমন কিছু আমরা করব না।’ স্কুলের পাঠ্যসূচিতে ধর্মীয় শিক্ষা অন্তর্ভুক্ত করার জন্য তাঁর সরকারের কর্মসূচি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সবাইকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাত্: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য ডেভিড প্রাইসের নেতৃত্বে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। এ সময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মার্কিন সহায়তা নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে তাঁরা বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এ দেশের অবকাঠামো, জ্বালানি ও বিদ্যুৎ খাতে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগের আশ্বাস দেন। ডেভিড প্রাইস বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের কল্যাণমুখী কর্মসূচি বিশেষ করে খাদ্যনিরাপত্তা ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি যুক্তরাষ্ট্রের বরাবরই সমর্থন রয়েছে।