সতর্ক নোটিশের পাল্টা জবাব দেবেন বিমান চেয়ারম্যান
সতর্ক করে মন্ত্রণালয়ের দেওয়া চিঠির পাল্টা জবাব দেবেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান জামাল উদ্দিন। তিনি আগামীকাল রোববার পাল্টা জবাবের চিঠি পাঠাতে পারেন বলে বিমান সূত্র জানিয়েছে।বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে জামাল উদ্দিনকে ‘সাংবিধানিক দায়বদ্ধতার কারণে যথাযথ আচরণ’ করতে সতর্ক করে বৃহস্পতিবার একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে এর আগে মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের জবাবকে ‘অগ্রহণযোগ্য ও অসন্তোষজনক’ বলে উল্লেখ করে বলা হয়, বিমানের চেয়ারম্যানের জবাব প্রাসঙ্গিক ও বস্তুনিষ্ঠ নয়। মন্ত্রী ও সচিবের মধ্যে কল্পিত দূরত্বের কথা সংবাদমাধ্যমে বারবার প্রচার করে তিনি প্রকারান্তরে সরকারকে বিব্রত করার অপপ্রয়াস চালাচ্ছেন, যা অনভিপ্রেত।ওই চিঠিতে আরও বলা হয়, সংবাদমাধ্যমে সরাসরি মন্ত্রণালয় সম্পর্কে বিরূপ মন্তব্য প্রচার ও প্রকাশের পুনরাবৃত্তি প্রশাসনিক ও দাপ্তরিক শৃঙ্খলাভঙ্গের নামান্তর বলে ভবিষ্যতে বিবেচিত হবে। এমতাবস্থায় গণকর্মচারী হিসেবে সাংবিধানিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে যথাযথ আচরণ করার জন্য নির্দেশক্রমে বিমানের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হলো।বিমান সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের দেওয়া চিঠিটি হাতে পান জামাল উদ্দিন। এর আগে মন্ত্রণালয় ও বিমানমন্ত্রী জি এম কাদেরের বিরুদ্ধে সংবাদমাধ্যমে অশোভন ও অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনকে গত ২৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ দেয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়।ওই নোটিশে ১৮ আগস্ট সংবাদ সম্মেলনে মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে অশোভন, অসত্য ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। জামাল উদ্দিন ২৯ আগস্ট কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। তাতে তিনি দাবি করেন, ওই দিন সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া প্রতিটি কথা সঠিক ও যৌক্তিক। ওই জবাবে ‘বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করে পত্রিকা ও সম্প্রচার মাধ্যমে বক্তব্য ও বিবৃতি দেয়ার’ কথা উল্লেখ করে জামাল উদ্দিন পাল্টা অভিযোগ তোলেন মন্ত্রীর বিরুদ্ধে। মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তাঁরা বিমানের চেয়ারম্যানের এই জবাবকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে মনে করছেন।