সতর্কঘণ্টা নিয়ে বিপাকে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় সতর্কঘণ্টা বাজানোকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিপাকে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কাঙ্ক্ষিত ফল অর্জন নিয়ে শঙ্কায় রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। শহরের হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসাকেন্দ্রে গত রোববার দাখিল পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে অভিযোগ করে, সৃজনশীল পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগেই হল পরিদর্শকেরা খাতা নিয়ে যান। এতে তারা নির্ধারিত সময় পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। ওই কেন্দ্রের ১৫ নম্বর হলের ৪৮ জন পরীক্ষার্থীর কেউই পুরো সময় পরীক্ষা দিতে পারেনি।সদর উপজেলার বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদ্রাসার ছাত্র মাহবুবুল আলম, মিজানুর রহমান, ডিক্রিকান্দা দাখিল মাদ্রাসার বোরহান উদ্দিন এবং হয়বতনগর এ ইউ আলিয়া মাদ্রাসার গোলাম মবিন, দ্বীন মোহাম্মদ ক্ষোভ প্রকাশ করে জানায়, সতর্কঘণ্টার পর পরই পরীক্ষকেরা খাতা নিয়ে যান। আমরা এ সময় পরিদর্শক ও কেন্দ্রসচিবের কাছে কয়েকবার অনুরোধ করলেও কোনো লাভ হয়নি। জেলা প্রশাসকের শিক্ষা শাখা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালা (দাখিল-২০১৩) এর ১০ নং বিধান অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে ও ১০ মিনিট আগে দুবার সতর্কঘণ্টা এবং পরীক্ষা শুরু ও শেষ হওয়ার নির্ধারিত সময়ে চূড়ান্ত ঘণ্টা বাজানোর নিয়ম রয়েছে। তবে পরীক্ষা শেষ হওয়ার আগে কোনো সতর্কঘণ্টা বাজানোর নিয়ম নেই। এ অবস্থায় পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে সতর্কঘণ্টা বাজানোকে চূড়ান্ত ঘণ্টা মনে করে অনেক হল পরিদর্শক খাতা নিয়ে নেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক হল পরিদর্শক চূড়ান্ত ঘণ্টা মনে করে খাতা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। কেন্দ্রসচিব আজিজুল হক বলেন, নিয়ম না থাকলেও তিনি ঐতিহ্য মোতাবেক সতর্কঘণ্টা বাজাতে বলেন। নির্ধারিত সময়ের আগে খাতা নেওয়ার বিষয়ে অনেক পরীক্ষার্থী তাঁর কাছে অভিযোগ করেছে বলে তিনি জানান।জেলা প্রশাসক ও হয়বতনগর এ ইউ আলিয়া মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রের সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।