
সিলেট নগরের শাহজালাল উপশহরের রাস্তা! বিদ্যুতের ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাস্তার প্রায় অর্ধেকজুড়ে বসানো। একাংশে ছোট্ট করে লেখা, ‘ডেঞ্জার...১১০০০ ভোল্ট/বিপদ জনক’ সতর্কতার সাইনবোর্ড। পথচলতি মানুষের জন্য সতর্ক-কথা ছোট্ট করে লেখা থাকলেও বিপদ কিন্তু বড়।
বিদ্যুৎ বিভাগই বলছে, উচ্চক্ষমতাসম্পন্ন এসব ট্রান্সফরমার স্পর্শ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ছোট সতর্কতার এ রকম বড় বিপদ শাহজালাল উপশহরেই শুধু নয়, সিলেট নগরের ছয়টি মহল্লার ছয় স্থানে রয়েছে এমন ভ্রাম্যমাণ ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগ অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহে এসব ট্রান্সফরমার রাস্তায় ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করে রাখায় পথ চলাচলও ঝুঁকির মুখে পড়েছে।
এ সম্পর্কে বিদ্যুৎ বিভাগের ট্রান্সফরমার দপ্তর সূত্র জানায়, নগরের কোনো এলাকার বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমার হঠাৎ বিকল হলে পুনঃস্থাপন করতে বিলম্ব হয়। আর তখনই বিকল্প হিসেবে এমন ব্যবস্থা নেওয়া হয়। দুই চাকার মধ্যে অনেকটা খাঁচাবন্দী ট্রান্সফরমার সংযোজন করে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়। তখন কোথাও ঘণ্টা খানেক, আবার কোথাও দিন দু-একের জন্য ব্যবহৃত হয় এ ট্রান্সফরমার।
সরেজমিনে দেখা গেছে, নগরের শাহজালাল উপশহর, সাদারপাড়া, মজুমদারি, শাহি ঈদগাহ, সোনারপাড়া ও রায়নগর এলাকায় ভ্রাম্যমাণ ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শাহজালাল উপশহরের ‘এ’ ব্লকের ৩ নম্বর রাস্তার মুখে প্রায় এক মাস ধরে ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সরবরাহ চলছে। সাদারপাড়ার রাস্তার ট্রান্সফরমার চলছে তিন মাস ধরে। এ ছাড়া প্রায় ছয় মাসেরও বেশি সময় ধরে চলছে অন্যান্য পাড়ার রাস্তার ট্রান্সফরমার।
ওই সব এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, রাস্তায় এসব ট্রান্সফরমার বসানোর সময় বিদ্যুৎ বিভাগ প্রথমে ঘণ্টা খানেক থাকবে বলে জানিয়েছিল। বিকল ট্রান্সফরমার মেরামত করে পুনঃস্থাপন না করায় রাস্তার ট্রান্সফরমার দিয়েই চলছে বিদ্যুৎ সরবরাহ। এতে বড় ধরনের ঝুঁকি থাকলেও ট্রান্সফরমার ছাড়া এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ার আশঙ্কায় এ নিয়ে কেউ মুখ খুলছেন না। আবার ঝুঁকির বিষয়টিও মেনে নিতে হচ্ছে তাঁদের।
অনেকটা উভয়সংকটে পড়ে এ অবস্থা সইতে হচ্ছে বলে জানালেন উপশহরের বাসিন্দা আইনজীবী মোহাম্মদ আব্বাছ উদ্দিন। সাদারপাড়ার বাসিন্দা আলাউদ্দিন বলেন, রাস্তায় ট্রান্সফরমার থাকায় পাশ দিয়ে যেতে বড়দেরই ভয় লাগে। স্কুলগামী শিশুদের নিয়ে এ ভয় আরও বেশি।
বিষয়টি অস্থায়ী বলে দাবি করলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ-২) নজরুল ইসলাম। তিনি বলেন, কোনো এলাকার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে, সেটি পুনঃ মেরামত করার জন্য নিয়ে আসা হয়। ওই স্থানে অস্থায়ীভাবে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাখা হয়। সব মিলিয়ে মাস খানেকের মতো এসব ট্রান্সফরমার রাখা হয়েছে।
তবে নগরের অধিকাংশ এলাকায় তিন থেকে ছয় মাস পর্যন্ত রাস্তায় ট্রান্সফরমার রয়েছে বলে তাঁকে জানালে তিনি এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।