সতর্কতা সত্ত্বেও রোলস রয়েস ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের দুই কর্তা ঢাকায়
বাংলাদেশে ফের সন্ত্রাসী হামলা সম্পর্কে যুক্তরাজ্য গত শুক্রবার তার নাগরিকদের সতর্ক করার পর ঢাকায় এসেছেন সে দেশেরই শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান রোলস রয়েস ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুই কর্মকর্তা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে একটি ব্যবসায়ী প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এখন ঢাকায় রয়েছেন যুক্তরাজ্যের মালিকানাধীন উড়োজাহাজের ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েসের বিক্রয় ও বিপণন পরিচালক ফিন্টন নাইট এবং একই দেশের মালিকানাধীন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের নির্বাহী পরিচালক মাইক রিজ।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ওই দুই কর্মকর্তার সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সাক্ষাতের ব্যবস্থা করে দিতে যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মু. খুরশেদ আলমকে অনুরোধ জানিয়েছেন।
হাইকমিশনারের অনুরোধে সাড়া দিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ দিনের কোনো এক সময়ে মন্ত্রীর সঙ্গে তাঁদের কথা বলার সুযোগ হচ্ছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, রোলস রয়েস বাংলাদেশ বিমানের কাছে পুরোনো উড়োজাহাজের জন্য ইঞ্জিন বিক্রি করতে চায়। একটি পূর্ণাঙ্গ প্যাকেজের আওতায় বিমানের কাছে রোলস রয়েস যন্ত্রপাতি সরবরাহ করবে আর অর্থায়নে আগ্রহী স্ট্যান্ডার্ড চার্টার্ড।
গতকাল ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর দপ্তরে যুক্তরাজ্যের হাইকমিশনারের আলোচনায় প্রসঙ্গক্রমে দুই বিদেশি হত্যার পর নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি এসেছে। বিদেশিদের নিরাপত্তায় সরকারের নেওয়া এ পর্যন্ত নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে কথা বলেন।
রবার্ট গিবসন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করলেও বাড়তি নিরাপত্তার কথা বলেছেন। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে যুক্তরাজ্যের হাইকমিশনার তাঁর বাসার বাইরে ব্যারিকেড দেওয়ার প্রস্তাব করেন। তাঁর অনুরোধে সাড়া দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে, বিশ্বজুড়ে সে দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার চারটি স্তর আছে। প্রথম স্তর সবুজ, এর অর্থ কোনো বিপদ নেই। দ্বিতীয় স্তর হলুদ মানে সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ। গত শুক্রবারের হালনাগাদ সতর্কবার্তা জারির পর দ্বিতীয় স্তরেই আছে বাংলাদেশের নাম। আর দক্ষিণ এশিয়ার অনেক দেশেই ভ্রমণের ক্ষেত্রে একই ধরনের পরামর্শ দিচ্ছে যুক্তরাজ্য।
ইতালির সিজার তাবেলা ও জাপানের কুনিও হিশো হত্যার পর যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, কানাডা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া তাদের নাগরিকদের বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার পরামর্শ দিয়েছে। এর মধ্যে জাপান জরুরি প্রয়োজন না থাকলে বাংলাদেশ সফর বন্ধ রাখা এবং যুক্তরাজ্য বাংলাদেশে সন্ত্রাসী আক্রমণের ‘উচ্চ ঝুঁকি’র কথা উল্লেখ করে বার্তা হালনাগাদ করেছে। তবে অন্য দেশগুলো এ মাসের শুরুতে যে বার্তা জারি করেছিল, সেটাই বজায় রেখেছে।