চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ম্যাক করপোরেশন পুরোনো জাহাজ ভাঙার নির্দেশিত সতর্কতামূলক ব্যবস্থা না নেওয়ায় জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে জাহাজের দুটি ট্যাংক দুমড়ে-মুচড়ে যায়। বিস্ফোরণের পর জাহাজ থেকে কালো ধোঁয়া বের হয়। উপকূলে তেল ও তেলজাতীয় পদার্থ গড়িয়ে পড়েছে। এতে বায়ু, মাটি ও পানি দূষিত হয়। পরিবেশ অধিদপ্তরের একটি তদন্ত প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়।গত মঙ্গলবার জ্বালানি তেল পরিবহনকারী জাহাজ (অয়েল ট্যাংকার) এমটি প্রণাম কাটার সময় বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজনিমুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি ঘটনাস্থল পরিদর্শনের পর এ প্রতিবেদন তৈরি করে।তাজনিমুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’ পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জাহাজে বিস্ফোরণের ঘটনায় পরিবেশদূষণ হয়েছে। তাই আমরা ইয়ার্ড মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করেছি। ইয়ার্ডের ছাড়পত্রও বাতিল করেছি।’ইয়ার্ড মালিক মাস্টার আবুল কাশেসহ ১৩ জনকে বিবাদী করে গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা করে পরিবেশ অধিদপ্তর। জাহাজ ভাঙার ইয়ার্ডে বিস্ফোরণ কিংবা দুর্ঘটনায় হতাহতের ঘটনা প্রায়ই ঘটলেও এই প্রথম কোনো মালিকের বিরুদ্ধে মামলা হলো। আগে এ ধরনের ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হতো।বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি হেফাজতুর রহমান বলেন, নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া গেলে দুর্ঘটনায় হতাহতের ঘটনা কমিয়ে আনা সম্ভব।তদন্ত প্রতিবেদন: পরিবেশ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে বলা হয়, এমটি প্রণাম জাহাজের অন্তত চারটি ট্যাংকে পেট্রলিয়াম-জাতীয় বিষাক্ত গ্যাস ছিল। ওই চারটি ট্যাংক লোকজনের প্রবেশ এবং কাটার উপযোগী ছিল না। ট্যাংকগুলো হচ্ছে ডিওটি-৩, এফওটি-৩, এলওটি-২ এবং স্লোপ ট্যাংক।এতে বলা হয়, বিস্ফোরক অধিদপ্তরের দেওয়া সনদে এ ধরনের সতর্কবাণী থাকা সত্ত্বেও জাহাজটির স্লোপ ট্যাংকের ওপর গ্যাস দিয়ে লোহা কাটা হচ্ছিল। এতে জাহাজে আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ছাড়া জাহাজ কাটার সময় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ছিল না। শ্রমিকদের পরনে নিরাপত্তামূলক পোশাক, হেমলেট, হাত গ্লাভস ছিল না। তবে ইয়ার্ডের মালিক আবুল কাশেম দাবি করেন, ‘জাহাজ কাটার অনুমোদনের উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে। বিস্ফোরক অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের লোকজন নিজেদের বাঁচানোর জন্য এখন বানোয়াট কথা বলছে।’দ্রুত কাটতে গিয়েই বিস্ফোরণ: একাধিক ইয়ার্ড মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বর্জ্যযুক্ত জাহাজ আমদানিতে আদালতের কড়া নির্দেশনার কারণে ইয়ার্ড মালিকেরা জোট বেঁধে জাহাজ ভাঙা লোহার দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। গত দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের জাহাজ ভাঙা লোহার প্লেটের দাম টনপ্রতি পাঁচ-ছয় হাজার টাকা বেড়ে গেছে।ইয়ার্ড মালিকেরা জানান, দুই সপ্তাহ আগে যেসব মেল্টিং স্ক্র্যাপের দাম ছিল টনপ্রতি ৩০ হাজার টাকা, গত বৃহস্পতিবার সেটা প্রতি টন ৩৫ হাজার টাকায় বিক্রি হয়। আর টনপ্রতি ৩৬ হাজার টাকার দামের ‘ফাইভ-এইট’ প্লেট বিক্রি হয় ৪২ হাজার টাকায়। বেশি দাম পেতে তাই ইয়ার্ডে আগের আমদানি করা জাহাজ দ্রুত কেটে লোহা বিক্রি করা হচ্ছে।তবে ম্যাক করপোরেশনের মালিক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই মাস আগে এমটি প্রণাম আমদানি হলেও এটি ধীরেসুস্থে কাটা হচ্ছিল। লোহার ভালো দামের জন্য কাটায় আমরা তাড়াহুড়া কিরিনি।’