তেলের সঙ্গে কোকেন শনাক্তের ঘটনায় করা মামলাটি সতর্কতার সঙ্গে তদন্ত এবং জব্দ করা আলামত যথাযথভাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম এ নির্দেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান গতকাল আদালতে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। এটি পর্যালোচনা করে আদালত ওই নির্দেশ দেন। নির্দেশে বলেছেন, প্রয়োজনে চট্টগ্রাম বন্দর, কাস্টমসহ বিভিন্ন সংস্থা থেকে জব্দ করা কাগজপত্রের অনুলিপি আদালতের কাছে জমা রাখা যেতে পারে।
পুলিশের তথ্যের ভিত্তিতে গত ৬ জুন কোকেন সন্দেহে সূর্যমুখী তেলের চালানটি চট্টগ্রাম বন্দরে জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ২৭ জুন তেলের চালানের একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত হয়। এ ঘটনায় ওই দিন রাতে নগরের বন্দর থানায় মাদক আইনে মামলা করে পুলিশ। বর্তমানে নগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা মো. কামরুজ্জামান আদালতে জমা দেওয়া এক পৃষ্ঠার তদন্ত অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করেছেন, পুলিশের ১০ সদস্যের একটি কমিটি এ মামলার তদন্ত করছে। তেলের চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানের কর্মী গোলাম মোস্তফা, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক এ কে আজাদসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
আদালতে দেওয়া প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিকভাবে চালানটি আনার সঙ্গে দেশি-বিদেশি চক্র জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। গত ৮ জুলাই বন্দর, কাস্টমস, শুল্ক গোয়েন্দাসহ তিন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে বন্দরে জব্দ থাকা সূর্যমুখী তেলের চালানের ১০৭টি ড্রামের প্রতিটি থেকে তিনটি করে মোট ৩২১ কৌটা নমুনা সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তা। গত ১৪ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক পরীক্ষাগারে ও ২৩ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরীক্ষাগারে সূর্যমুখী তেলের চালানের নমুনা পরীক্ষায় কোকেনের অস্তিত্ব মিলেছে। দুটির প্রতিবেদন পাওয়া গেলেও এখনো আর্মড ফোর্সেস ফুড অ্যান্ড ড্রাগস ল্যাবরেটরিতে পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।
রিমান্ড শেষে কারাগারে: কোকেন শনাক্তের মামলায় গ্রেপ্তার সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলামের ১০ দিনের রিমান্ড শেষে গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলমের আদালতে হাজির করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, আসামির পক্ষে কেউ জামিনের আবেদন করেননি। রিমান্ডে জিজ্ঞাসাবাদের মেয়াদ শেষ হওয়ায় আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।