সতর্কবাণী উপেক্ষা, চলছে ভারী যান
‘সাবধান। ঝুঁকিপূর্ণ সেতু। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ।’ যশোর শহরের ঢাকা মহাসড়কে দেড় কিলোমিটার ব্যবধানে ভৈরব নদের ওপর দুটি সেতুতে এ রকম সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। কিন্তু এ সতর্কবাণীর তোয়াক্কা না করে সেতু দুটির ওপর দিয়ে প্রতিদিন ৪০-৫০ টন সার, বালু ও সিমেন্টবোঝাই শত শত ট্রাক চলাচল করছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-যশোর মহাসড়কের বারান্দিপাড়ার ২৪ ফুট চওড়া কংক্রিটের মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর ২ জানুয়ারি সাড়ে ১০ ফুটের একটি লোহার বেইলি সেতু বসানো হয়েছে। এ সেতু থেকে দেড় কিলোমিটার দূরে বাবলাতলায় ভৈরব নদের ওপর একইভাবে আরও একটি অস্থায়ী সেতু বসানো হয় বছর চারেক আগে। সেটিও মেয়াদোত্তীর্ণ হওয়ার পথে। লোহায় মরিচা ধরেছে। চুরি হয়ে গেছে নাট-বল্টু। সেতু দুটির প্রশস্ততা কম হওয়ায় এক প্রান্তের যানবাহন পার হওয়ার সময় অপর প্রান্তের যানবাহনগুলোকে অপেক্ষা করতে হয়। অনেক সময় পার হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েন চালকেরা। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।সড়ক ও জনপদ বিভাগ যশোরের সহকারী প্রকৌশলী শাহাজাদা ফিরোজ জানান, বাবলাতলার সেতুর পাটাতনে ফাটল দেখা দিলে কংক্রিটের ওপর অস্থায়ীভাবে বেইলি সেতু বসানো হয়। একই কারণে বারান্দিপাড়ার সেতুতে কিছুদিন আগে আরেকটি বেইলি সেতু বসানো হয়। নতুন কংক্রিটের সেতু নির্মাণ হওয়ার আগপর্যন্ত অস্থায়ীভাবে বেইলি সেতু বসিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে। এ কারণে পাঁচ টনের অধিক যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ বলে সাবধানতা সংকেত দেওয়া হয়েছে। কিন্তু সেটা মানা হচ্ছে না। বিষয়টি পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সরেজমিনে গিয়ে জানা যায়, সারের রাজধানীখ্যাত যশোরের নওয়াপাড়া থেকে ১০ চাকার ট্রাকে ৪০-৫০ টন সার বোঝাই করে উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ থেকে সিমেন্ট শিল্পের ভারী মালামাল নিয়ে সেতু দুটির ওপর দিয়ে মংলা বন্দরে নেওয়া হয়। এ ছাড়া বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানির পণ্যবোঝাই ট্রাক বাবলাতলার সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করে। ট্রাকচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাক নিয়ে সেতুর ওপর উঠলে সেতু দোলে, ভূমিকম্পের মতো মনে হয়। মাইক্রোবাসের চালক আবদুর রশিদ বলেন, সেতু দুটি অত্যন্ত সরু হওয়ার দুটি গাড়ি পাশাপাশি চলতে পারে না। এতে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খাড়া সেতুর ওপর থেকে অত্যন্ত ঝুঁকি নিয়ে ওঠানামা করতে হয়। সড়ক ও জনপদ অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী ইমদাদ হোসেন বলেছেন, দুটি ভালো মানের সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। দুই মাসের মধ্যে টেন্ডার দেওয়া হবে বলে আশা করছেন তিনি।