‘১৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ’—চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের টেকনাফ সংযোগ সড়কের শুরুতেই সাইনবোর্ডে এ সতর্কবাণী দেওয়া হয়েছে।এরই প্রায় ২০ কিলোমিটার দূরে মরিচ্চ্যা বাজারসংলগ্ন লাল পাটাতন সেতুর উভয় পাশে দুটি সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে ‘পাঁচ টনের অধিক ওজনের যান চলাচল নিষেধ’। এ দুটি সতর্কবাণীর কোনো তোয়াক্কা না করে ওই সড়ক দিয়ে প্রতিদিন ২৫-৩০ টন ওজনের মালামাল নিয়ে ট্রাক, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ মে পণ্যবাহী একটি ট্রাক সেতুটি পার হওয়ার সময় ধসে পড়ে দুজন নিহত ও চারজন গুরুতর আহত হয়। ওই ঘটনার পর প্রায় চার মাস ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ব্রিটিশ আমলে নির্মিত মেয়াদোত্তীর্ণ ওই সেতুটি পুনর্নির্মাণ না করে সংস্কার করে সতর্কতামূলক ওই সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।নাম প্রকাশ না করার শর্তে স্থলবন্দরের একজন কর্মকর্তা বলেন, মিয়ানমার থেকে আমদানি করা বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী স্থলবন্দর দিয়ে খালাসের সময় পরিমাপ করা হয়। সেখানে ২০-৩০ টন ওজনের পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের ছাড়পত্র দেওয়া হচ্ছে। এসব পণ্যবাহী যান ওই সড়ক দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল সরবরাহ করে আসছে। অপরদিকে, বাংলাদেশ থেকে মিয়ানমারে রপ্তানির জন্য রড-সিমেন্টসহ বিভিন্ন ধরনের ভারী মালামাল ওই সড়ক দিয়েই পরিবহন করা হচ্ছে।ট্রাকচালক নূর উদ্দিন ও জাফর আলম বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন ২০-৩০ টন ওজনের এ দেশের উ ৎপাদিত লবণ, কাঠ, মাছসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই ট্রাক চলাচল করে আসছে। ট্রাক নিয়ে সেতুর ওপরে ওঠার আগে থেকেই দোয়া-দরুদ পড়া শুরু হয়। পার হওয়ার সময় সেতুটি দুলতে থাকে, মনে হয় ভূমিকম্প হচ্ছে।সওজের উপবিভাগীয় প্রকৌশলী শফিক আহমদ বলেন, সেতুর পাটাতনে ফাটল দেখা দিলে কংক্রিটের ওপর অস্থায়ীভাবে বেইলি সেতু বসানো হয় এবং পাঁচ টনের অধিক ওজনের যান চলাচল ঝুঁকিপূর্ণ বলে সাবধানতার সংকেত দেওয়া হয়েছে, কিন্তু সেটা মানা হচ্ছে না। বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।টেকনাফ স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী বলেন, প্রতিদিন এ সড়ক দিয়ে হিমায়িত মাছসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্যসামগ্রী বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। সরকার প্রতিবছর এ স্থলবন্দর দিয়ে ৭০-৮০ কোটি টাকার রাজস্ব আদায় করলেও সড়কের সেতুগুলো নির্মাণে উদ্যোগ নিচ্ছে না। বিষয়টি দুঃখজনক।