সতর্কবাণী না মানায় দুই দশকে ২১ পর্যটকের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাত দেশের অন্যতম পর্যটনকেন্দ্র। একঘেয়েমি কাটাতে, জীবনানন্দ উপভোগ করতে পর্যটকেরা সেখানে যায়। পাথরের ওপর বসে জলরাশির অনবরত পতনের দৃশ্য দেখে। ছবি তোলে। পানিতে হাত-পা ভেজায়।কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতি উৎসাহী পর্যটকদের কেউ কেউ চেষ্টা করে এই জলপ্রপাতের ২০০ ফুট উঁচু চূড়ায় উঠতে। আর তখনই ঘটে দুর্ঘটনা। অনেকে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যায়। সর্বশেষ গত ১২ মার্চ চূড়া থেকে পড়ে মারা যায় গাজীপুরের ধুমবাড়িশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র বাপ্পী (১১)।অনেকটা মৃত্যুকূপে পরিণত হওয়া মাধবকুণ্ড জলপ্রপাতে বেড়াতে এসে গত প্রায় দুই দশকে দুর্ঘটনাবশত মারা গেছে ২১ জন।এসব মৃত্যুর জন্য পর্যটকদের সতর্কবাণী না মানা ও বেপরোয়া আচরণকে দায়ী করছে বন বিভাগ। অন্যদিকে বিপজ্জনক স্থানের চারপাশে বেষ্টনী নির্মাণসহ আরও কয়েকটি পদক্ষেপ নিলে দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছে স্থানীয় মানুষ।বন বিভাগ, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০০৯ সালের ১ আগস্ট মাধবকুণ্ডের পানিতে সাঁতার কাটতে নেমে ডুবে মারা যান ঢাকার উত্তরার কলেজছাত্র খন্দকার রাহিমুল ইসলাম। সাঁতার কাটতে নেমে ২০০৮ সালের ২৯ আগস্ট মারা যান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল ফতেহ শাহী। ২০০৭ সালের ২৫ মে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনিসুর রহমান গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। ২০০৬ সালের ডিসেম্বরে কুলাউড়া উপজেলার করের গ্রামের এক ব্যক্তি গোসল করার সময় পানিতে তলিয়ে মারা যান। ২০০৫ সালের ৫ জানুয়ারি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রী ফারজানা ইসলাম বহ্নি, একই বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম এবং ৩০ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদুর রহমান শাহেদ মারা যান। ২০০৪ সালের ৩ জানুয়ারি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার স্কুলছাত্রী তাহমিনা, একই বছরের ৯ জানুয়ারি সিলেটের কুয়ারপাড় এলাকার মো. আলী মিনু, ২০০২ সালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র চূড়া থেকে পড়ে ও সাঁতার কাটতে নেমে ডুবে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আর নয়জন পর্যটক মারা গেছে, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য বন বিভাগের কাছে নেই।এলাকাবাসী জানান, অনেক পর্যটকই এখানে এসে বিধিনিষেধ ও সতর্কীকরণ সাইনবোর্ড মানতে চায় না। বিপদের কথা ভুলে সাঁতার না জেনেও অনেকে পানিতে নেমে পড়ে। চূড়া থেকে পিছলে পড়ে অনেক প্রাণহাণির ঘটনা ঘটলেও অনেকে খাড়া পাহাড় বেয়ে ওপরে ওঠে।বন বিভাগ জানায়, মাধবকুণ্ড ইকোপার্ক এলাকায় বন বিভাগের সতর্কবাণী লেখা কিছু সাইনবোর্ড আছে। কিন্তু অনেক পর্যটক সেই সতর্কবাণী মানছে না। অনেক সময় বন বিভাগের প্রহরী ও পর্যটনসহায়ক পুলিশ বিপজ্জনক পথে জলপ্রপাতের উঁচু স্থানে উঠতে বা জলপ্রপাতে সাঁতার কাটতে পর্যটকদের নিষেধ করে, কিন্তু অনেকে তা শোনে না।বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুদ্দিন প্রথম আলোকে বলেন, জলপ্রপাতের চূড়ায় ওঠা সম্পূর্ণ নিষেধ এবং পানিতে নামা ঝুঁকিপূর্ণ। এ দুটো বিষয় ব্যাপকভাবে প্রচার করতে হবে। এর জন্য বন বিভাগের জনবল বাড়াতে হবে। জলপ্রপাতের ঝুঁকিপূর্ণ স্থানের চারপাশে একটি বেষ্টনী নির্মাণ করতে হবে।সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) দেলওয়ার হোসেন গত দুই দশকে ২১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, অনেক শিক্ষিত মানুষও সতর্কবাণী মানেন না। তিনি জানান, যে জায়গায় ওপর থেকে পানি পড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, সেখানে পাথর ফেলে গভীরতা কমিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।