সতর্কভাবে কথা বলার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরা গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো জাতীয় সংসদের শিশু গ্যালারিতে বসে অধিবেশন দেখেছে। গতকাল ৫০ জন স্কুলশিক্ষার্থী নবম সংসদের চতুর্দশ অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম দেখে। স্পিকার আবদুল হামিদ এ জন্য সাংসদদের সতর্কভাবে কথা বলার অনুরোধ জানিয়েছেন।স্পিকারের সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদকাজ প্রত্যক্ষ করতে চালু হয়েছে শিশু গ্যালারি। তাই আমাদের এমনভাবে কথা বলতে হবে, যাতে শিশুদের ওপর কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয়। এই মুহূর্তে শেরেবাংলা হাইস্কুলের ৫০ জন শিক্ষার্থী শিশু গ্যালারিতে বসে সংসদের কাজ প্রত্যক্ষ করছে।’স্পিকার বলেন, ‘এত দিন ১২ বছরের কম বয়সের ছেলেমেয়েদের সংসদ গ্যালারিতে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। আজ (মঙ্গলবার) থেকে সব বয়সের ছেলেমেয়েরাই সংসদ গ্যালারি থেকে সংসদকাজ প্রত্যক্ষ করতে পারবে। আমি মনে করি, আজ যেসব শিশু সংসদকাজ প্রত্যক্ষ করছে, তারা সংসদ, সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এর মাধ্যমে শিশুকাল থেকেই ছেলেমেয়েরা গণতন্ত্রের চর্চা ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা পেতে সক্ষম হবে এবং ব্যক্তিজীবনে এর চর্চার মাধ্যমে আমাদের গণতন্ত্রের চলার পথকে আরও বেগবান করবে।’অধিবেশন শুরুর আগে নবম সংসদের কার্য-উপদেষ্টা কমিটির ১৮তম বৈঠক স্পিকারের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অধিবেশন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন প্রতিদিন বিকেল পাঁচটায় শুরু হবে। প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো ও কমানোর ব্যাপারে স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।