সতর্কভাবে দেখছে বাংলাদেশ

রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রস্তাবকে ‘আপাতত ইতিবাচক’ মনে করছে বাংলাদেশ। তবে মিয়ানমারের মন্ত্রীর এক সফরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা মনে করছেন না বাংলাদেশের কূটনীতিকেরা। তাঁদের মতে, রোহিঙ্গাদের ফেরানোর ব্যাপারে মিয়ানমারের প্রস্তাবকে সতর্কতার সঙ্গে দেখাই ভালো। কারণ, অতীতে এ সমস্যা সমাধানের ক্ষেত্রে সব সময় গড়িমসি করেছে মিয়ানমার।
গতকাল মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিকদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, মিয়ানমারের কিছুদিনের পদক্ষেপ রোহিঙ্গা সমস্যা সমাধানের গতিপথ বলে দেবে। বিশেষ করে বাংলাদেশ গত সোমবার যে চুক্তিটির খসড়া দিয়েছে, তা নিয়ে মিয়ানমার কত দ্রুত ও কী বলছে, সেটা দেখার আছে। চুক্তির খসড়ায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে সময় ধরে কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। তাই এটি যত দ্রুত সই হবে, তার ওপরই অনেকটা নির্ভর করছে রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে কি না।
কক্সবাজারে কর্মরত মানবিক সহায়তা সংস্থাগুলোর জোট ইন্টারসেক্টর কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসজি) বলছে, গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত ৫ লাখ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানো এবং এ জন্য একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে দুই দেশ গত সোমবারের আলোচনায় একমত হয়েছে। তবে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মতো জাতিসংঘের সহযোগী কোনো সংস্থাকে যুক্ত করার বিষয়ে দুই দেশের অবস্থান বিপরীত মেরুতে। মিয়ানমার এ প্রক্রিয়ায় জাতিসংঘকে রাখতে চায় না। আর বাংলাদেশ রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোকে যুক্ত রাখতে আগ্রহী।
এ বিষয়টি নিয়ে ঢাকা, নিউইয়র্ক ও জেনেভায় যোগাযোগ করা হলে জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উদ্ধৃত হয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁরা বলছেন, রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠিয়েই সব সমস্যার সমাধান হচ্ছে না। সেখানে যাওয়ার পর তাদের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়টি তদারকির জন্য জাতিসংঘের যুক্ততা অপরিহার্য।
রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থাকে যুক্ত করার বিষয়ে জানতে চাইলে জেনেভা থেকে সংস্থাটির মুখপাত্র দুনিয়া আসলাম খান গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ও মিয়ানমার দ্বিপক্ষীয়ভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে বলে শুনেছি। তবে এ প্রক্রিয়ায় আমাদের যুক্ত হওয়ার অনুরোধ জানালে রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে আমরা বাংলাদেশ ও মিয়ানমারকে সহযোগিতা করতে তৈরি আছি।’
তবে জেনেভা থেকে নাম প্রকাশ না করার শর্তে সংস্থার অন্য একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের ১৯৯২ সালের অভিজ্ঞতা থেকে বলা যায়, শরণার্থীদের ফেরানোর ক্ষেত্রে তৃতীয় পক্ষকে যুক্ত করাটাই ভালো। এতে একধরনের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। আর শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ মাতৃভূমিতে ফেরানোর কাজে দক্ষতা ইউএনএইচসিআরেরই আছে। তিনি প্রশ্ন তোলেন, মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বেশির ভাগেরই কোনো পরিচয়পত্র নেই। এ ক্ষেত্রে এদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন মানদণ্ড বিবেচনায় নেওয়া হবে, সেটির সুরাহা হওয়া জরুরি।
রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার গতকাল প্রথম আলোকে বলেন, ‘রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর পর তাদের মৌলিক অধিকার কতটা নিশ্চিত হচ্ছে, তা দেখভালের জন্য ইউএনএইচসিআর, আইওএমের মতো সংস্থাকে যুক্ত করা অপরিহার্য। বিশেষ করে ইউএনএইচসিআরের যুক্ততা না থাকলে এদের ফেরানোর প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। সেদিক বিবেচনায় নিলে বাংলাদেশ এ প্রক্রিয়ায় জাতিসংঘকে যুক্ত করার পক্ষে থাকলে যৌক্তিক অবস্থান নিয়েছে বলেই মনে করি। তবে রোহিঙ্গাদের ফেরানোর সময় তাদের নাগরিকত্ব যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যেকের পরিচয় নিশ্চিত করার চেয়ে পরিবারের সদস্যের পরিচয় নিশ্চিত করার বিষয়টিতে জোর দিতে হবে। কারণ, এসব লোক তো প্রাণ বাঁচাতে একসঙ্গে এসেছে। একা একা তারা বাংলাদেশে আসেনি।’
মিয়ানমারের সঙ্গে সোমবারের আলোচনায় রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়টি বাংলাদেশ বলেছে কি না, জানতে চাইলে একজন কূটনীতিক বলেন, নাগরিকত্বের বিষয়টি একটি দেশের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়। তাই সরাসরি বিষয়টি না বলে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণাঙ্গ বাস্তবায়নের কথা বলেছে। এ সময় মিয়ানমার জানায়, রোহিঙ্গাদের রাখাইনের অধিবাসী যাচাই প্রক্রিয়ার আওতায় তাদের নাগরিকত্বের সুরাহা করা হবে।
এদিকে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তর থেকে গতকাল মঙ্গলবার চ টিন্ট সোয়ের ঢাকা সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৯২ সালের এপ্রিলের যৌথ বিবৃতির মূলনীতি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরতের বিষয়ে আলোচনার জন্য চ টিন্ট সোয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে নেপিডো সফরের আমন্ত্রণ জানান। মিয়ানমার সফরের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।
এ নিয়ে জানতে চাইলে সোমবারের আলোচনায় উপস্থিত বাংলাদেশের দুই কূটনীতিক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের বিজ্ঞপ্তিতে বৈঠকের পুরো নয়, আংশিক চিত্রের প্রতিফলন আছে। পররাষ্ট্রমন্ত্রীকে মিয়ানমারের স্টেট কাউন্সেলরের দপ্তরের মন্ত্রী মৌখিকভাবে আমন্ত্রণ জানালে তিনি তা সৌজন্যমূলকভাবে গ্রহণ করেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। দ্বিতীয়ত, ১৯৯২ সালের যৌথ বিবৃতির উল্লেখ করে মিয়ানমার শুধু নিজেদের অবস্থানের কথাই বলছে। কারণ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনায় স্পষ্ট করেই বলেছেন, ১৯৯২ সাল আর ২০১৭ সালের পরিস্থিতি এক নয়। ’৯২ সালে নির্বিচারে লোকজনের বাড়িঘর পুড়িয়ে নিশ্চিহ্ন করা হয়নি, এবার তা হয়েছে। তাই রোহিঙ্গাদের ফেরত নিতে দুই দেশ ১৯৯২ সালের মূলনীতি ধরে এর পরিমার্জনের ভিত্তিতে নতুন চুক্তি করবে। বাংলাদেশের দেওয়া চুক্তির খসড়ায় এটাই বলা হয়েছে।
বাংলাদেশের একজন কূটনীতিক জানান, খসড়া চুক্তি সইয়ের এক মাসের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের কথা বলা আছে। এরপর রোহিঙ্গাদের নাগরিকত্ব যাচাই শেষে তিন মাসের মধ্যে তাদের প্রথম দলকে রাখাইনে ফেরত নেওয়ার কথাও বাংলাদেশ বলেছে।