সতর্কসংকেত জারির আগে থেকেই সাগর উত্তাল ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপের কবলে পড়ে বঙ্গোপসাগরে ৫০টি মাছ ধরার ট্রলার নিখোঁজ হয়েছে। এসব ট্রলারের এক হাজার মাঝিমাল্লার ভাগ্যে কী জুটেছে, তা জানা যায়নি। আবহাওয়া দপ্তর সংকেত জারি করার আগে থেকেই সাগর মাঝারি ধরনের উত্তাল ছিল বলে মাঝিমাল্লারা অভিযোগ করেন। ফলে অনেক ট্রলার ফিরতে পারেনি।জানা গেছে, সাগরে ঝোড়ো হাওয়া শুরু হলে কিছু ট্রলার আগেভাগে নিরাপদ অবস্থানে চলে যায়। তবে বেশির ভাগই আবহাওয়া দপ্তরের সংকেত পাওয়ার পর নিরাপদ গন্তব্যে ছুটতে থাকে। ফলে অনেক ট্রলার ঝোড়ো হওয়ার কবলে পড়ে।সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব মো. সাইফ রহমান প্রথম আলোকে বলেন, ‘৪০-৫০টি ট্রলারের এখনো কোন খোঁজ মেলেনি।’ তিনি অভিযোগ করেন, আবহাওয়া দপ্তর সংকেত দেওয়ার আগে থেকেই সাগর উত্তাল ছিল। আর সর্বোচ্চ সংকেত দেওয়া হয়েছে তিন নম্বর। অথচ সাগর তার চেয়েও বেশি উত্তাল ছিল।জানা গেছে, সংকেত জারির পর থেকেই বোট মালিক সমিতি ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে থাকে। কিন্তু এখনো অনেক ট্রলারের খোঁজ পাওয়া যায়নি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে আবহাওয়া দপ্তর ৬ অক্টোবর বিকেলে প্রথম তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে ট্রলারগুলোকে নিরাপদ অবস্থানে চলে আসার নির্দেশ দেয়। গত শুক্রবার নিম্নচাপটি মংলা উপকূল অতিক্রম করার পরও সতর্কসংকেত বহাল রাখা হয়।তবে আবহাওয়া দপ্তর সতর্কসংকেত জারি করার আগে ৪ ও ৫ অক্টোবর আন্দামান উপকূলে লঘুচাপটি সক্রিয় ছিল। কিন্তু তখন উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব ছিল না বলে দাবি করছে আবহাওয়া দপ্তর। এ কারণে আবহাওয়া দপ্তর ওই সময় কোনো সংকেত জারি করেনি। মাঝিদের অভিযোগ, সতর্কসংকেত জারির আগে ৫ অক্টোবরও সাগর উত্তাল ছিল।মাঝিমাল্লাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংকেত পেয়ে ফেরার পথে সব ট্রলার প্রচণ্ড ঢেউয়ের মুখে পড়ে। এ সময় ঢেউয়ের উচ্চতা ছিল সাত-আট ফুট। তখন ট্রলার সামলানো কঠিন হয়ে পড়ে।