বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় গতকাল শুক্রবার প্রশাসনের নির্দেশে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে গতকাল সেন্ট মার্টিন যেতে পারেননি পর্যটকেরা। আর সেন্ট মার্টিন থেকে কোনো পর্যটক ফিরতেও পারেননি।
কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। এ জন্য আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে।
গতকাল সকালে টেকনাফের দমদমিয়া জাহাজঘাটে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা জাহাজের টিকিট কাউন্টারের সামনে অপেক্ষা করছেন। ঢাকার আশুলিয়া থেকে বেড়াতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জামাল হোসেন ও মীর কাশেম বলেন, আবহাওয়ার কারণে সেন্ট মার্টিন যেতে না পেরে তাঁরা কক্সবাজার ফিরে যাচ্ছেন। ট্যুর অপারেটরের মাধ্যমে তাঁরা জাহাজের টিকিট কেটেছিলেন। জাহাজ না যাওয়ায় তারা অর্ধেক টাকা ফেরত দিয়েছে, পুরোটা দেয়নি।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারেননি।
সেন্ট মার্টিনের বিভিন্ন হোটেল ও কটেজে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, দুর্ঘটনা এড়াতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বীপে অবস্থানরত পর্যটকেরা নিরাপদে আছেন।