মিয়ানমারের আরাকান রাজ্যে ‘মেনিনজাইটিস’ নামের অপরিচিত এক ভাইরাসে আক্রান্ত হয়ে লোকজন মারা যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মিয়ানমারের কোনো রোহিঙ্গা নাগরিক যেন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ঢুকতে না পারে, তার জন্য বিজিবি সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
পাশাপাশি টেকনাফ স্থলবন্দর, এক দিনের লোক পারাপারের টেকনাফ ট্রানজিটসহ বিভিন্ন পয়েন্টে মিয়ানমার থেকে আগত লোকজনের স্বাস্থ্য পরীক্ষার জন্য পৃথক তিনটি মেডিকেল টিম সক্রিয় রাখা হয়েছে। মিয়ানমার থেকে পশু আমদানির শাহপরীর দ্বীপ করিডর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম প্রথম আলোকে বলেন, মেনিনজাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমারের আরাকান রাজ্যে বেশ কিছু লোক মারা গেছে। অনেকে আক্রান্ত হচ্ছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সর্দিজ্বর, কাশি ও বমি হতে হতে একপর্যায়ে শিশুরা মারা যাচ্ছে। এ নিয়ে সেখানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে রোহিঙ্গা অনুপ্রবেশের পাশাপাশি ভাইরাসটি যেন বাংলাদেশে ছড়াতে না পারে, সে জন্য বিজিবি টেকনাফ থেকে নাইক্ষ্যংছড়ি পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রতিটি বিওপিতে নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের এ ব্যাপারে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ইবোলা ভাইরাস নিয়ে সতর্ক থাকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা রয়েছে। তার ওপর মিয়ানমারের মংডু, বুচিদং ও আকিয়াব এলাকায় অপরিচিত এক ভাইরাসে আক্রান্ত হয়ে লোকজন মারা যাওয়ার খবর বিভিন্ন সূত্রে নিশ্চিত হয়ে বাংলাদেশ সীমান্তে (টেকনাফ, উখিয়া, নাইক্ষ্যংছড়ি) গত বুধবার বিকেল থেকে জরুরি সতর্কতার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডরে গিয়ে দেখা গেছে, সেখানে ফাঁকা। মিয়ানমার থেকে কোনো পশু আমদানি হয়নি। দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার ট্রানজিট ঘাটে গিয়ে দেখা গেছে, মিয়ানমারের কোনো যাত্রী টেকনাফ আসেনি। সেখানে বিজিবি সদস্যরা পাহারা বসিয়েছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. মোজাহিদ উদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহপরীর দ্বীপ করিডরে পশু আমদানি বন্ধ রাখা হয়েছে। কারণ, পশুর মাধ্যমে ওই ভাইরাস ছড়াতে পারে।
টেকনাফ ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, গতকাল বৃহস্পতিবার ট্রানজিট পাস নিয়ে মিয়ানমারের কোনো নাগরিক টেকনাফ আসেনি। আগের দিন বুধবার মিয়ানমারের ৯৭ জন যাত্রী টেকনাফ এলেও স্বাস্থ্য পরীক্ষা করে কোনো রোগ শনাক্ত করা যায়নি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, ইবোলা আর মেনিনজাইটিস ভাইরাস পরীক্ষার জন্য টেকনাফ স্থলবন্দর, টেকনাফ ট্রানজিট ও সাবরাং পয়েন্টে তিনটি পৃথক মেডিকেল টিম দুই দিন ধরে কাজ করছে। তবে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তা ছাড়া, ভাইরাসের ধরন নিয়ে চিকিৎসকেরাও অন্ধকারে রয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত বলেন, বিজিবিসহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, মিয়ানমারে সর্দিজ্বর, খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পাশাপাশি মুখ দিয়ে ফেনা বের হয়ে রোগীরা অজ্ঞান হচ্ছে এবং তারপর মারা যাচ্ছে। এটি ‘মিনিনগো এনকে ফেলিটিস’ ভাইরাসের লক্ষণ হতে পারে, যা অনেকটা ইবোলা ভাইরাসের মতো। কিন্তু মিয়ানমারের ভাইরাসের নাম মেনিনজাইটিস হলো কী করে, তা রোগী না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব হবে না।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রশাসনের নির্দেশনা মতে তিনি লোকজন নিয়ে সীমান্তে পাহারা বসিয়েছেন। ভাইরাস সম্পর্কে লোকজনকে সচেতন করছেন।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারে ভাইরাস রোগ ছড়িয়ে পড়ার খবরে বাংলাদেশ সীমান্তেও আতঙ্ক বিরাজ করছে। জেলেরা দুই দিন ধরে মাছ ধরতে নাফ নদীতে নামছেন না।
নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন, ‘মেনিনজাইটিস ভাইরাস নিয়ে আমরা সতর্ক। নাইক্ষ্যংছড়ি সীমান্তও বিজিবি পাহারা বসিয়েছে।’