সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহামঞ্চদ কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। গতকাল বুধবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ ওই রায়ের তারিখ ধার্য করার পর থেকে কামারুজ্জামানের নিজ শহর শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে।জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ট্রাইব্যুনাল রায়ের দিন ধার্য করার পর শেরপুর জেলা শহরের মুন্সিবাজারের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি বসানো হয়েছে শহরের প্রবেশমুখগুলোতে। কামারুজ্জামানের জন্মস্থান শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী মুদিপাড়া গ্রাম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া গতকাল সন্ধ্যা থেকে শহরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল শুরু হয়। শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিম গতকাল বিকেলে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বাইরে থেকে বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশসহ অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্যদের আনা হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহামঞ্চদ জাকীর হোসেন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।