সতর্কীকরণ অনভিপ্রেত মন্ত্রণালয়ের চিঠির জবাবে বিমান চেয়ারম্যান
বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আগাম সতর্কীকরণকে ‘অনভিপ্রেত’ বললেন বাংলাদেশ বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ।মন্ত্রণালয়ের সতর্কীকরণ নোটিশের জবাবে গতকাল রোববার এক দাপ্তরিক চিঠিতে এ মন্তব্য করেন বিমানের চেয়ারম্যান। চিঠিতে বলা হয়, ‘বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদটি কোনো সরকারি কর্মকর্তার পদ নয়। তাই গণকর্মচারীর সাংবিধানিক দায়বদ্ধতার উল্লেখপূর্বক প্রচ্ছন্ন সতর্কীকরণের বিষয়টি যৌক্তিকতার নিরিখে বিচার্য।...সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সম্মানিত কর্মকর্তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও আগাম সতর্কীকরণ তাই অনভিপ্রেত।’অবশ্য গতকাল বিকেলে জানতে চাইলে বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, তখন পর্যন্ত এমন কোনো চিঠি তাঁর হাতে পৌঁছায়নি।বিমানসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে পাঠানো সতর্কীকরণ চিঠির বিষয়বস্তু ‘যুক্তি-প্রমাণসমর্থিত নয়’ বলে উল্লেখ করে জামাল উদ্দিন গতকালের চিঠিতে বলেছেন, ‘মন্ত্রণালয়ের শ্রদ্ধাভাজন পদবি ও ব্যক্তিত্বের অধিকারীদের মধ্যকার “কল্পিত মতপার্থক্যের” বিষয়টি একটি স্বগতোক্তি, যা বিভিন্ন মিডিয়ায় বহুলভাবে আলোচিত তথা সর্বজনবিদিত। তাই এ নিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার অপপ্রয়াসের অভিযোগটি এককভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপনের বিষয়টি সুবিবেচনামূলক বলে মনে হয় না।’এর আগে গত বৃহস্পতিবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় থেকে জামাল উদ্দিনকে ‘সাংবিধানিক দায়বদ্ধতার কারণে যথাযথ আচরণ’ করতে সতর্ক করে চিঠি দেওয়া হয়। তাতে যুগ্ম সচিব (বিমান) আফতাব উদ্দিন তালুকদার সই করেন। তাতে এর আগে কারণ দর্শানোর নোটিশের পরিপ্রেক্ষিতে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিনের জবাবকে ‘অগ্রহণযোগ্য ও অসন্তোষজনক’ বলে উল্লেখ করে বলা হয়, বিমানের চেয়ারম্যানের জবাব প্রাসঙ্গিক ও বস্তুনিষ্ঠ নয়। মন্ত্রী ও সচিবের মধ্যে কল্পিত দূরত্বের কথা সংবাদমাধ্যমে বারবার প্রচার করে তিনি প্রকারান্তরে সরকারকে বিব্রত করার অপপ্রয়াস চালাচ্ছেন, যা অনভিপ্রেত। সংবাদমাধ্যমে সরাসরি মন্ত্রণালয় সম্পর্কে বিরূপ মন্তব্য প্রচার ও প্রকাশের পুনরাবৃত্তি প্রশাসনিক ও দাপ্তরিক শৃঙ্খলা ভঙ্গের নামান্তর বলে ভবিষ্যতে বিবেচিত হবে। এমতাবস্থায় গণকর্মচারী হিসেবে সাংবিধানিক দায়বদ্ধতার বিষয়টি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে যথাযথ আচরণ করার জন্য বিমানের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়। এর আগে ১৮ আগস্ট সংবাদ সম্মেলন করে মন্ত্রণালয় ও বিমানমন্ত্রীর বিরুদ্ধে ‘অশোভন, অসত্য ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অবমাননাকর’ বক্তব্য দেওয়ার কারণ জানতে চেয়ে ২৪ আগস্ট বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ করে মন্ত্রণালয়।জামাল উদ্দিন ২৯ আগস্ট কারণ দর্শানোর নোটিশের জবাব দেন। তাতে তিনি দাবি করেন, ওই দিন সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া প্রতিটি কথা সঠিক ও যৌক্তিক। ওই জবাবে ‘বিমানের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করে পত্রিকায় ও সম্প্রচারমাধ্যমে বক্তব্য ও বিবৃতি দেওয়ার’ কথা উল্লেখ করে জামাল উদ্দিন পাল্টা অভিযোগ তোলেন মন্ত্রীর বিরুদ্ধে।