সতেরোয় স্বাগতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসব চলছে বাংলা একাডেমি প্রাঙ্গণে।

আজ শুক্রবার সকাল ১০টায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্র লাল রায় ও সলিল চৌধুরীর গান দিয়ে শুরু হয় এই উত্সব৷ এরপরই বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। চলচ্চিত্র তারকা বিদ্যা সিনহা সাহা মিম ও মেহজাবিন এবং ক্রিকেটার সৌম্য সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। উদ্বোধন ঘোষণার পর নাচ পরিবেশন করেন শর্মিলা ঠাকুর ও তাঁর দল। উৎসবটি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

এই উৎসবে যোগ দিতে সকাল নয়টা থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে আসতে শুরু করেন প্রথম আলোর পাঠক-শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবস্থলে প্রথম আলোর ক্রোড়পত্রগুলোর স্টলে ভিড় করছেন পাঠকেরা।

‘সতেরোয় স্বাগতম’ উৎসবে কপলে নকশা করা একজন পাঠক। ছবি: জাহিদুল করিম
‘সতেরোয় স্বাগতম’ উৎসবে কপলে নকশা করা একজন পাঠক। ছবি: জাহিদুল করিম

উৎসবে সারা দিন ধরে দেশসেরা শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনার সঙ্গে সব বয়সী পাঠকের জন্য থাকছে নানামাত্রিক আয়োজন। এর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, বইমেলা, প্রথম আলোর বিভিন্ন পাতা নিয়ে বর্ণিল আয়োজন ও তারকা সমাবেশ।
উৎসবে বেলা তিনটায় পাঠকদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মীরা। বাকি সময় ধরে বিশেষ করে বেলা ১১টা, আড়াইটা আর বিকেল চারটায় উৎসবের মূল মঞ্চে হবে দেশসেরা জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক আয়োজন। এতে শুভেচ্ছা বিনিময় করবেন জনপ্রিয় তারকা, দেশের অগ্রগণ্য লেখক, শিল্পী, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গনের তারকারা।
গত এক বছরে প্রথম আলোয় প্রকাশিত ও অপ্রকাশিত আলোকচিত্র নিয়ে আছে একটি প্রদর্শনীও৷ প্রথম আলোর বিভিন্ন পাতা এবার সশরীরে হাজির হচ্ছে পাঠকদের সামনে৷ দিনভর আনন্দ আড্ডায় জমে উঠবে ‘সবমিশালী’ এলাকা৷ যেখানে আছে নকশা, রস+আলো, অধুনা, ছুটির দিনে, স্বপ্ন নিয়ে, আনন্দ-বিনোদন, বার্তা ও ক্রীড়াসহ প্রথম আলোর বিভিন্ন বিভাগের স্টল৷ এখানে দিনভর চলবে মজার সব আয়োজন৷ মজার কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগ যেমন থাকবে, তেমনি থাকবে নকশায় মডেল হওয়ার সুযোগও৷ ছোটদের আনন্দের জন্য থাকবে নানা কিছু। প্রথমা প্রকাশনের বইমেলা এবং খাবারদাবারের বিপণিও আছে এই উৎসবে। গোল্লাছুটের পাশে থাকবে কিশোর আলো৷ বন্ধুসভার বন্ধুদের সঙ্গে থাকবে প্রথম আলো ট্রাস্ট, এবিসি রেডিও আর প্রথম আলো ডিজিটালের স্টল৷ হাতে মেহেদি পরানো কিংবা সাজগোজ থেকে জাদু প্রদর্শনী, ফ্যাশন শো সব বয়সের পাঠকদের এই উৎসবে খুশি রাখার চেষ্টা চলবে ভিন্নভাবে।
প্রথম আলোর এই পাঠক উৎসব সবার জন্য উন্মুক্ত৷ দিনভর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল টোয়েন্টিফোর ও www.prothom-alo.com -এ।

প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে শিল্পীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: জাহিদুল করিম
প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘সতেরোয় স্বাগতম’ শিরোনামে বর্ণিল উৎসবে শিল্পীরা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: জাহিদুল করিম