সত্তর দশকের পর্যায়ে সম্পর্ক উন্নীত করতে চান প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক সত্তর ও আশির দশকের পর্যায়ে উন্নীত করতে উভয় দেশের রাজনৈতিক দল ও আইনপ্রণেতাদের ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেছেন।রাশিয়া ফেডারেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েব গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বাংলাদেশে রাশিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানানোর পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশে, বিশেষ করে উচ্চশিক্ষা এবং মৌলিক ও ব্যবহারিক বিজ্ঞানে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে উভয় দেশ সত্তর ও আশির দশকে একে অন্যকে ব্যাপক সহযোগিতা করেছে।রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণে তাঁর সরকারের গভীর আগ্রহের কথা জানিয়ে শেখ হাসিনা উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদারে এ প্রকল্প সর্বোচ্চ পর্যায়ের একটি উদ্যোগ।শেখ হাসিনা জ্বালানি ক্ষেত্রে উভয় দেশের মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র সন্ধান ও গ্যাসকূপ খননে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রমের সঙ্গে পেট্রোবাংলার চুক্তি স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করেন।এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।