
এই যে গ্যালারি কায়াজুড়ে ছড়িয়ে থাকা ভাস্কর্যশিল্প আর ড্রয়িং, তা বড় বৈচিত্র্যময়। দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, চতুর্মাত্রিক ভাস্কর্যগুলোর প্রতিটিই মনে দেয় আলাদা অনুভূতি, ছবিগুলোও। ‘স্টোনস-২’ শিরোনামের প্রদর্শনীটি উদ্বোধনের আগে শিল্পী হামিদুজ্জামান খান ঘুরে বেড়াচ্ছিলেন গ্যালারিতে। মাঝে মাঝে নিজের সৃষ্টির দিকে তাকিয়ে হয়তো স্মরণ করার চেষ্টা করছিলেন, কোনটা কবে, কীভাবে তৈরি করেছিলেন। মুখে একটু হাসির রেখা।
বরাবরই নিজেকে লুকিয়ে রাখায় হামিদুজ্জামান খানের তৃপ্তি। তাঁকে যদি ঠিকভাবে পেতে হয়, তাহলে হাজির থাকতে হবে তাঁর কাজের সময়। তুলি কিংবা হাতুড়ি-বাটালের মুখে খই ফুটতে থাকে সর্বক্ষণ, সে ভাষাতেই তিনি বাঙ্ময়।
বছর কয়েক আগে এক শীতের রাতে ভুটানের রাজধানী থিম্পুর একটি রিসোর্টে তাঁকে কাজ করতে দেখেছিলাম। গ্যালারি কায়ার আয়োজনেই ছিল সেই আর্ট ক্যাম্প। বিশাল এক পাহাড় কেটে তার ওপর তৈরি করা হয়েছে রিসোর্টটা। সিঁড়ি দিয়ে উঠলে দুটো করে ঘর, আবার উঠতে হয় ওপরে। আবার ঘর। হামিদুজ্জামান খানের ঘরটি ছিল একেবারে ওপরের দিকে। আরেক শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ছিলেন তাঁর কক্ষসঙ্গী। বিছানার পাশে ছোট্ট একটি জানালার ধারে দ্রুত হাতে ড্রয়িং করছিলেন হামিদুজ্জামান। এত দ্রুত ও নিখুঁতভাবে রং আর ক্যানভাসের মিলন ঘটাচ্ছিলেন, যা মুগ্ধ হয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। সমরজিৎ রায়চৌধুরী হেসে বলেছিলেন, ‘একেবারে ঘোরের মধ্যে আছে হামিদ।’
তাঁর কথা লুফে নিয়ে আঁকতে আঁকতেই হামিদুজ্জামান বলছিলেন, ‘একদম ঠিক বলেছেন, স্যার। ভুটান আমাকে আরও একবার বদলে দিয়েছে। আমার মনেই হচ্ছে না, জীবনে আঁকাআঁকি ছাড়া আর কিছু করা যায়।’ ভুটান থেকে ফেরার সময় পুরো একটা সুটকেস ভরে উঠেছিল তাঁর করা স্কেচে। ছোট ছোট নোটবুকজুড়ে অসংখ্য স্কেচ। ফেরার দিন সবাই যখন মাইক্রোবাসে, রিসোর্টের রেলিংয়ে শরীরের ভর রেখে দ্রুত স্কেচ করে চলেছিলেন। ‘প্লেন ফেল করতে পারি’—এ রকম আশঙ্কার কথা বাতাসে ভাসলেও এক মনে কাজ করতে থাকা হামিদুজ্জামান বলেছিলেন, ‘আর একটু! আর একটু!’
সেই মানুষটিরই এ মাসে পূর্ণ হচ্ছে সত্তর। গ্রানাইট, সাদা ও কালো মার্বেলে যে কাজগুলো করেছেন এক বছর ধরে, গ্যালারি কায়ায় সেগুলোরই প্রদর্শনী হচ্ছে তাঁর জন্মদিনে। তবে তিনি জানালেন, কালোর প্রতি আলাদা একধরনের মুগ্ধতা আছে তাঁর।
নভেরার হাতে আধুনিক ভাস্কর্যশিল্প এই ভূখণ্ডে খুঁজে পেয়েছিল ভাষা। তারই ধারাবাহিকতায় হামিদুজ্জামান এখন এই শিল্পে সবচেয়ে উজ্জ্বল নাম। শিক্ষকতা আর কাজ—দুটো বিষয়কে একই সঙ্গে ষাঁড়ের শিং বানিয়ে দৃঢ় হাতে ধরেছেন। একই সঙ্গে চলছে দুটো বিষয়েরই সমান পরিচর্যা।
কত ধরনের কাজই না আছে হামিদুজ্জামানের। সাধারণ স্টিল, পাথরকে তিনি দিয়েছেন ভিন্নমাত্রা। নতুন কিছু করতে চান বলে সব সময়ই থাকেন অস্থির। ফলে একটি কাজ থেকে অন্য কাজ হয় ভিন্নতর। ভাস্কর্যকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চান তিনি।
শিল্পী জানালেন, এখনো বয়োজ্যেষ্ঠ ও সদ্য পাস করা শিল্পীদের সঙ্গে সমান তালে মিশতে পারেন। স্মরণ করলেন সেই শিল্পরসিক পোস্টমাস্টারকে, যিনি শিল্পের প্রতি শিল্পীর আগ্রহের কথা জানিয়েছিলেন শিল্পীর বাবাকে। আর তার ফলেই বাবা তাঁকে নিয়ে এসেছিলেন শিল্পী জয়নুল আবেদিনের কাছে। আর সেই থেকেই তো নিজের ঠিক পথটি খুঁজে পেয়েছেন তিনি।
গতকাল বিকেলে উত্তরার গ্যালারি কায়ায় শিল্পীর প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার ন্যান্সি টি ভ্যানহর্ন। উদ্বোধন করেন সামিট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। স্বাগত বক্তব্যে গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী নিরলস পরিশ্রমী শিল্পী হামিদুজ্জামান খানের কাজ সম্পর্কে উপস্থিত শিল্পরসিকদের জানান। ১৬ মার্চ শিল্পীর জন্মদিন, এ কথা উল্লেখ করতেই আগত শিল্পরসিকেরা করতালির মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। উদ্বোধনী ভাষণে আজিজ খান বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে শিল্পীকে সম্মান জানানোর সবচেয়ে ভালো উপায় হলো তাঁর শিল্পকর্ম কেনা। ন্যান্সি টি হর্ন বলেন, ‘অল্প দিন হলো আমি বাংলাদেশে এসেছি। এরই মধ্যে হামিদুজ্জামান খানের বৈচিত্র্যময় কাজ দেখে মুগ্ধ হয়েছি।’
প্রদর্শনীতে ভাস্কর্য, জলরং, ড্রয়িং, অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যমসহ মোট ৫৩টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে শিল্পরসিকেরা ঘুরে আসতে পারেন গ্যালারি।