সত্য কথা বললে অনেকে ভুল বোঝে: সুরঞ্জিত
সত্য কথা বললে অনেকে ভুল বোঝে বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক স্মরণসভায় সুরঞ্জিত এ দাবি করেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমি কথা বললে ভুল বোঝে। আমি এখনো বলতে চাই, ফেনীতে যে পৈশাচিক হত্যাকাণ্ড ঘটল, সেখানে প্রশাসন, র্যাব, সিআইডি ইত্যাদি ছিল না?’ আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘প্রশাসনিক তৎপরতায় এ ধরনের পৈশাচিক খুন বন্ধ করা গেলে আমরা তার প্রশংসা করতাম। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। প্রশাসন কী করেছে?’
সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেন, একটি মহল সুপরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনীর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরা এ দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকেত হবে। অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও ফেনী উত্তপ্ত হয়ে উঠেছে। সুসংবাদ হলো—নারায়ণগঞ্জের ঘটনায় সংশ্লিষ্ট র্যাব কর্মকর্তাদের খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা নারায়ণগঞ্জের জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের বিজয়। নারায়ণগঞ্জ আমাদের দেশের গুরুত্বপূর্ণ শিল্পনগর। আমরা চাই, নারায়ণগঞ্জ শান্ত হোক, মানুষ নির্বিঘ্নে চলুক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক।’ আওয়ামী লীগের প্রয়াত নেতা ইলিয়াস আহম্মেদ চৌধুরীর স্মরণে এ সভার আয়োজন করা হয়।