সত্য ঘটনার নাটক 'সেভেন' অভিনীত হবে ৬ মার্চ
সাত দেশের সাতজন নারী অধিকারকর্মীর জীবনের সত্য ঘটনা নিয়ে লেখা সেভেন নাটকটি আবার দেখা যাবে ৬ মার্চ। সন্ধ্যা ছয়টায় ছায়ানট ভবনে মঞ্চস্থ হবে নাটকটি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে গতকাল বুধবার বিষয়টি জানানোর জন্য ইউএন উইমেন এবং অ্যাকশনএইড একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবস ও বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন উদ্যাপন করার কথা মনে রেখেই হচ্ছে এ আয়োজন।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ নাটকটিতে অভিনয় করবেন ডেনমার্ক, ভুটান, নরওয়ে ও ব্রাজিলের রাষ্ট্রদূতেরা এবং অ্যাকশনএইডের দেশীয় প্রধান ও বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেনমার্কের রাষ্ট্রদূত হানে ফুজি এসকিয়ায়ের, নরওয়ের রাষ্ট্রদূত মেরেটে লুন্ডেমো, অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি রোকিয়া আফজাল রহমান, ব্রাজিলের রাষ্ট্রদূত ওয়ানিয়া ক্যাম্পোস ডা নোবরেগা, ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টেন হান্টার, সেভেনের প্রজেক্ট ম্যানেজার টোভে এরিকসন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ক্রিস্টেন হান্টার বলেন, সারা বিশ্বে নারীর প্রতি সহিংসতা কমানো এবং নারীর ক্ষমতায়নের জন্যই এ নাটকটি তৈরি করা হয়েছে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশে যাতে নারীর প্রতি সহিংসতা কমে, সে জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে এ নাটকটি উপস্থাপন করা হবে। আমরা চাই, সবার অংশগ্রহণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমে যাক।
এরপর অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবীর বলেন, বাংলাদেশে এখন ৬৪ শতাংশ নারীর বিয়ে হচ্ছে ১৮ বছর বয়স হওয়ার আগেই। নারীর ক্ষমতায়ন বা উন্নয়নের পথে এটা একটা বড় বাধা। নারীর ক্ষমতায়ন ও নারীর উন্নয়ন করতে চাইলে নারীর অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উন্নত করতে হবে। সে কারণেই সাতটি দেশের সাতটি সত্য ঘটনা অবলম্বনে যে নাটকটি হচ্ছে, তা আমাদের দেশের মানুষ জানলে নারীর প্রতি সংবেদনশীলতা বাড়বে।
টোভে এরিকসন বলেন, ‘আমি ৩২টি দেশে নাটকটি পরিচালনা করেছি শুধু একটি কারণে, বিশ্বের নারীরা যেন অধিকার প্রতিষ্ঠা করতে পারেন এবং নারীর প্রতি সহিংসতা কমে।’