সত্য প্রকাশের এবং সত্যকে মোকাবিলার সাহস নেই বলে সরকার জাতীয় সম্পদ রক্ষায় আন্দোলনকারীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে কমিটির নেতারা এ কথা বলেন। তাঁদের ডাকা আগামীকাল রোববারের হরতাল সামনে রেখে ওই ‘প্রচারণা সমাবেশের’ আয়োজন করা হয়। এতে বক্তারা সমুদ্রবক্ষের গ্যাস উত্তোলনে কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিল করার দাবি জানান। সমাবেশ থেকে আগামীকালের হরতাল সফল করার আহ্বান জানানো হয়।সমাবেশে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, সরকারের জাতীয় সম্পদ পাহারা দেওয়ার কথা। তা না করে সরকার সে সম্পদ লুণ্ঠনের পথ অবারিত করে দিচ্ছে। কনোকোফিলিপসের সঙ্গে চুক্তি করায় সরকারকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, এ বিশ্বাসঘাতকতা থেকে জনগণকে বাঁচাবোই। কোনোভাবেই ওই চুক্তি সফল হতে দেওয়া হবে না।জাতীয় কমিটির সদস্য-সচিব আনু মুহাম্মদ বলেন, সরকারের মধ্যেই অনেক মন্ত্রী-উপদেষ্টা আছেন, যাঁদের দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করা যায়। ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। ওই সব জ্বালানি অপরাধীদেরও একদিন বিচার হবে। হরতাল প্রত্যাহার করার জন্য ব্যবসায়ীদের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি তাঁদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি এই চুক্তির মর্মকথা বুঝে থাকেন, তাহলে আন্দোলনে শামিল হোন। কারণ, এ চুক্তি হলে একসময় গ্যাস, বিদ্যুৎ পাবেন না। যে দামে কিনতে হবে, তা দিয়ে কারখানা চালানো যাবে না।চুক্তি বাতিলের দাবিতে আন্দোলনকারীদের দমন-পীড়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের লিফলেট কোনো বোমা কিংবা গ্রেনেড নয়। এটি যুক্তিতর্কের সমাবেশ। তার পরও সরকার ওই লিফলেট বিতরণে বাধা দিচ্ছে। তিনি একটি ইসলামি দলের ডাকা আগামীকালের হরতালকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘উনি দেশপ্রেমিক কি না জানি না, তবে তাঁর চেয়ে বড় গদিপ্রেমিক আর কেউ নেই।’ শেখ হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে মার্কিন কোম্পানির হাতে তেল-গ্যাস তুলে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। এ চুক্তি বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে গণ-আন্দোলনে সরকার বাতিল হয়ে যাবে।সমাবেশে বিভিন্ন বামপন্থী দলের নেতা-কর্মীরা যোগ দেন। সমাবেশে অন্যদের মধ্যে টিপু বিশ্বাস, সাইফুল হক, রাজেকুজ্জামান, জোনায়েদ সাকী, মোশরেফা মিশু প্রমুখ বক্তব্য দেন।