সত্য প্রতিষ্ঠিত করতে গণিত লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলন। ছবি: জগলুল পাশা
ময়মনসিংহে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলন। ছবি: জগলুল পাশা

ময়মনসিংহে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আঞ্চলিক পর্বের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান বলেন, বিজ্ঞানের যেকোনো কাজ করতে গেলে গণিত লাগবে। সত্য প্রতিষ্ঠিত করতে হলে গণিত লাগবে।

আজ শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এই উৎসবের উদ্বোধন হয়। উৎসব উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। উপস্থিত ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার উপব্যবস্থাপক মোহাম্মদ নুরে আলম খান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।

ময়মনসিংহে গণিত উৎসবের আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উত্তোলন। ছবি: জগলুল পাশা
ময়মনসিংহে গণিত উৎসবের আঞ্চলিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উত্তোলন। ছবি: জগলুল পাশা

উদ্বোধনীপর্বে ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ্-বাংলা ব্যাংকের ময়মনসিংহ শাখার উপব্যবস্থাপক মোহাম্মদ নুরে আলম খান জাতীয় গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের চলতি বছর ব্রাজিলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত উৎসবের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ দেন।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, দিনে দিনে গণিত উৎসবের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। ভবিষ্যতে উৎসবের ব্যাপ্তি বাড়ানোর আশা প্রকাশ করেন তিনি।

নাছিমা আক্তার ও মোহাম্মদ নুরে আলম খান তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের শুভকামনা জানান।

ময়মনসিংহে গণিত উৎসবের আঞ্চলিক পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা
ময়মনসিংহে গণিত উৎসবের আঞ্চলিক পর্বে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি: জগলুল পাশা

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৫০০ শিক্ষার্থী এই উৎসবে অংশ নিয়েছে।