সত্য বল সুপথে চল ওরে আমার মন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলার উদ্বোধনী পর্বে গতকাল বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলার উদ্বোধনী পর্বে গতকাল বক্তৃতা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা l ছবি: প্রথম আলো

বিকেল চারটার কিছু আগে নিজ নিজ আসনে বসে যান সাধুগুরুরা। তাঁদের ঘিরে ভক্ত ও শিষ্যরা। চারটা বাজার সঙ্গে সঙ্গে চাল-জল মুখে দিয়ে শুরু হলো অধিবাস। এক সুর, এক তাল, এক মনে মিশে সবাই প্রভুকে স্মরণ করলেন। এ সময় আগমনী গান গেয়ে উঠলেন একজন, ‘কোথায় হে দয়াল কান্ডারি, কোথায় রইলে হে দয়াল কান্ডারি’।
গতকাল রোববার কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে লালন স্মরণোৎসব। উৎসব চলবে তিন দিন। বাউল, সাধু, ফকির, দরবেশেরা জড়ো হয়েছেন এ উৎসবে। ফকির লালন শাহের ১২৬তম তিরোধান দিবসকে উপলক্ষ করে তাঁদের এ সমাবেশ। তাঁরা বিভিন্ন ধর্মের হলেও এক জায়গায় অভিন্ন। তাঁরা সবাই ফকির লালন শাহের অনুসারী ও ভক্ত। বিশ্বাস আর ভালোবাসার টানেই ছুটে এসেছেন ছেঁউড়িয়ার লালন মাজারে।
রাতে কালী নদীর পাড়ে মূল মঞ্চে ফকির লালন শাহের তিরোধান দিবসের এ আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলার আয়োজন করেছে লালন একাডেমি। সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। উদ্বোধনী বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘এ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। লালন যে দর্শনের কথা প্রচার করেছেন, সেটা হলো মানুষের প্রতি ভালোবাসা। সবার চেয়ে বড় পরিচয় আমরা মানুষ। যে জঙ্গিবাদ হয়েছে তা রুখতে লালন একটি বড় হাতিয়ার।’
বক্তব্য শেষে আসাদুজ্জামান নূর লালনের দুটি গানের বাণী আবৃত্তি করেন। এরপর সেটি অনুষ্ঠানের বিশেষ অতিথি ইতালিয়ান রাষ্ট্রদূত মারিও পালমা ইতালিয়ান ভাষায় আবৃত্তি করেন। এ সময় উপস্থিত দর্শক হাততালি দিয়ে তাঁকে স্বাগত জানান। ইতালির রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বলেন, ‘অনেক দিন ধরে লালন শাহের এই ভূমিতে আসার ইচ্ছা ছিল। আজ সেটা পূর্ণ হলো। এখানে মানুষের সমাগম দেখে আমি অভিভূত।’
আগমনী গানের পর ভক্তরা আপন আপন গুরুকে স্মরণ করছেন, সান্নিধ্য পেতে গুরুর পানে চেয়ে থাকছেন। সন্ধ্যায় শুরু হয় দৈন্য গান। ‘ক্ষম ক্ষম অপরাধ ওহে দীননাথ’। এটা সৃষ্টিকর্তার কাছে পরিত্রাণ চাওয়া।
সন্ধ্যায় ধূপ-ধোঁয়া দিয়ে সবাই আল্লাহ আলেক ডেকে গুরুভক্তি শুরু করেন। এ সময় বাদ্যযন্ত্র ছাড়াই হাতে তালি বাজিয়ে গান গাওয়া হয়। তাঁরা গেয়ে ওঠেন ‘গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে।’ পরপর এ রকম চারটা গান গাওয়া হয়।
রাত আটটার দিকে শুরু হয় আনন্দ অনুষ্ঠান। একটা-দুইটা দৈন্য গান আর সাঁইজির পদ-পদাবলি ও রচনার ব্যাখ্যা দেন গুরুরা।
তবে লালনের তিরোধানে সব আচারই শোকের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানালেন ৭০ বছর বয়সী নহির শাহ। তিনি দীর্ঘ ৩৭ বছর ধরে সাঁইজির মাজারে আসছেন। তিনি বললেন, ‘এখানে একসময় গাছগাছালিতে ভরা ছিল। ছিল ফুল-ফল। কতই না ভালো লাগত।’
রোববার সকাল থেকেই ‘জয় লালন, জয় লালন, জয় লালন’ ধ্বনিতে মুখরিত ছিল পুরো মাজার চত্বর। তাদের সাথে যোগ হয়েছে হাজারো দর্শনার্থী। হাতে একতারা আর ডুগির তালে আধ্যাত্মিক গানে স্মরণ করছেন লালন শাহকে। আখড়া বাড়িটি সাধু বাউলদের মিলনমেলায় পরিণত হয়েছে। বাঁধভাঙা জোয়ারের মতো হাজারো লোকের ভিড় মাড়িয়ে ছুটে চলেছেন লালন আখড়ার দিকে। পুরো ছেঁউড়িয়া এলাকার কোথাও পা ফেলার জায়গা নেই। ছোট ছোট করে আস্তানা গেড়েছেন অনেকে। ভবের হাটে বেজে ওঠে লালনের গান, ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন...’। পুরো মাজার চত্বর একতারা আর ডুগির শব্দে মুখরিত হয়ে ওঠে।
জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে আলোচনা পর্বের মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লালন গবেষক ও লেখক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
অনুষ্ঠানে লালনের জীবন ও কাজ নিয়ে অপার লীলা শীর্ষক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন আসাদুজ্জামান নূর ও মারিও পালমা।