সত্য সংবাদ খুঁজতে হবে : আরেফিন সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ করে বলেছেন, সত্যের সন্ধান করুন। সত্য সংবাদ যত কঠিনই হোক, খুঁজে বের করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) নির্বাহী পরিষদের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এ কথা বলেন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশের যোগাযোগ ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাবেক শিক্ষার্থীরা বৃত্তিসহ নানা বিষয়ে বর্তমান ছাত্রদের সহায়তা করতে পারে বলেও মনে করেন তিনি।

ডিইউএমসিজেএএর প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য বলেন, ভবিষ্যতে এ সংগঠনটি দেশের সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও খ্যাতি অর্জন করবে। ভবিষ্যতে ডিইউএমসিজেএএ একটি আদর্শ সংগঠন হিসেবে সবার কাছে পরিচিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অ্যালামনাইয়ের সাবেক সভাপতি প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বর্তমান ছাত্রদের উদ্দেশে বলেন, স্নাতক শেষ করে অ্যালামনাই সদস্য হোন। সবাই মিলে একসঙ্গে থাকলে ভালো লাগবে।

সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মো. আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা সাখাওয়াত আলী খান, সাবেক চেয়ারম্যান শেখ আবদুস সালাম, সাবেক সম্পাদক স্বপন কুমার দাস, শিল্পী ফকির আলমগীর ও অভিষেক প্রস্তুতি কমিটির আহ্বায়ক আহমেদ পিপুল।

বাংলাদেশ সরকারের সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম মো. শহীদ খান ২০১৬-১৮ বছরের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন মফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর আগে নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া সাতটি স্ট্যান্ডিং কমিটির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ৪১ সদস্যবিশিষ্ট কমিটিতে সহসভাপতি হয়েছেন কাজী রওনাক হোসেন, ফরিদা ইয়াসমিন, কাজী মোয়াজ্জেম হোসেন ও এম কামালউদ্দিন জসীম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সাবরিনা সুলতানা চৌধুরী, মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি, মো. গিয়াসউদ্দিন আহমেদ, সঞ্জীব চ্যাটার্জি ও আহমেদ পিপুল, সহকারী সাধারণ সম্পাদক হয়েছেন জুনায়েদ আহমদ হালিম, সুজন মাহমুদ ও জেসমিন জাহান মুন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহমুদ সালাহ্উদ্দিন চৌধুরী।

এ ছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে তারিকুল ইসলাম খান রবিন, প্রকাশনা সম্পাদক হিসেবে শেখ জীনাত শারমিন, দপ্তর সম্পাদক হিসেবে মো. আসাদুজ্জামান কাজল, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শারমিন ইফফাত শামস্ তুলি, যোগাযোগ সম্পাদক হিসেবে আনোয়ারুল আজিম রয়েছেন।

নির্বাহী সদস্য হয়েছেন গোলাম রহমান, শেখ আবদুস সালাম, মো. আলমগীর হোসেন, এম খায়রুল কবীর, স্বপন কুমার দাস, শাহিদা আলম, নার্গিস বেগম মিনি, একেএম রহমত আলী হাওলাদার, শাহেদ চৌধুরী, শওকত আহমেদ ফরিদি টনি, অলিউর রহমান, বিপ্লব বড়ুয়া, মাহমুদ মেনন খান, মো. হাসান উল্লা খান রানা, কে এম সাখাওয়াত মুন, শরিফ উদ্দিন লিমন, লোপা হোসাইন, শরিফুল ইসলাম হাসান, তৌহিদুল হাসান নিটল এবং সাহস মোস্তাফিজ।