সত্যকথনে আবদুস সালাম এখনো অনুকরণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বভাবে আত্মভোলা হলেও আবদুস সালাম নিজের অধিকার, আত্মমর্যাদাবোধ সম্পর্কে ছিলেন একরোখা। স্বৈরশাসকের রক্তচক্ষুকে তিনি ভয় পাননি। নিজ চিন্তা ও মতাদর্শ প্রচারে তিনি ছিলেন আপসহীন। সত্য ভাষণ এবং সত্য কথনের ক্ষেত্রে তিনি এখনো একজন অনুকরণীয় ব্যক্তিত্ব।
বাংলাদেশ অবজারভার-এর সাবেক সম্পাদক ও প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাঁর সম্পর্কে এই মূল্যায়ন করেন বক্তারা।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের উদ্যোগে সভাটি আয়োজন করা হয়। সভার শুরুতে আবদুস সালামের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। স্মরণসভার প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আবদুস সালাম সম্পর্কে বলেন, তিনি নীতির পক্ষে দাঁড়িয়ে কলম ধরতেন। এভাবেই তিনি সমাজের সেবা করেছেন।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে প্রভাব বিস্তারকারী তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকার সম্পাদক থাকাকালীন ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে আবদুস সালাম গ্রেপ্তার হন। ষাটের দশকের শুরুতে আইয়ুব সরকার প্রণীত সংবাদপত্রবিরোধী কালাকানুনের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তাতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। স্বাধীনতার পরে বাংলাদেশ অবজারভার-এর সম্পাদক হিসেবে দায়িত্ব নিলেও কিছুদিনের মধ্যে সরকারের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ‘তিনি আমাদের শুধু লিখতে শেখাননি। পরিস্থিতি মোকাবিলা করার যে সাহস তা-ও অর্জন করতে শিখিয়েছিলেন।’
দৈনিক দেশবাংলা পত্রিকার সম্পাদক ফেরদৌস আহমেদ কোরেশীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, দৈনিক সংবাদ-এর বার্তা সম্পাদক কাজী রফিক, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ূন, আবদুস সালামের ছোট মেয়ে রেহানা সালাম প্রমুখ।
সভা থেকে আবদুস সালামের স্মৃতি রক্ষায় তাঁর নামে প্রেসক্লাবের সামনের সড়ক এবং তাঁর জন্মস্থান ফেনীতে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়।