সত্যজিতের বিরুদ্ধে ঢাকায় আরেক মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও একটি মামলা হয়েছে।
গতকাল রোববার দুপুরে টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যশোদা জীবন দেবনাথ রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন।
যশোদা জীবন দেবনাথের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চানপুর গ্রামে। এজাহার অনুযায়ী, গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সত্যজিৎ মুখার্জি নিজে পল্টনে টেকনোমিডিয়া লিমিটেডের কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁকে ঢাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ী যশোদা জীবন সত্যজিৎকে সাত লাখ টাকা দিতে বাধ্য হন। ৮ জানুয়ারি সত্যজিৎ পল্টনের কার্যালয়ে গিয়ে বাকি তিন লাখ টাকা আদায় করেন।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও সত্যজিৎ মুখার্জির মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, মামলা দায়েরের পর তদন্ত শুরু হয়েছে।
এর আগে সত্যজিৎ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আরও চারটি মামলা হয় ফরিদপুরের কোতোয়ালি থানায়। ১৯ এপ্রিল প্রথম মামলাটি করেন ফরিদপুর শহরের ঠিকাদার সালেহ আহমেদ। বৃহস্পতিবার আরও তিনটি মামলা হয়।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১৬ এপ্রিল সত্যজিৎ মুখার্জিকে সহকারী একান্ত সচিবের (এপিএস) পদ থেকে অপসারণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। এরপর ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকেও তাঁকে বহিষ্কার করার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করে জেলা কমিটি।
এদিকে আওয়ামী লীগ নেতা মোকাররমের স্ত্রী নাজনীন সুলতানা গত শনিবার মোকাররমের লাইসেন্স করা একটি পিস্তল ও একটি শটগান ফরিদপুর কোতোয়ালি থানায় জমা দিয়েছেন। পিস্তলের ৪২টি ও শটগানের ৪৫টি গুলিও জমা দেওয়া হয়।
নাজনীন বলেন, মোকাররম ফৌজদারি মামলার আসামি হওয়ায় নিরাপত্তার স্বার্থে অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।