সত্যজিৎ রায়ের পরিবারের 'হাতি পুকুর' বেদখল
অস্কারজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পিতামহ উপেন্দ্র কিশোর হাতির পিঠে চড়ে বেড়াতেন। উপেন্দ্র কিশোরের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। ওই পরিবারের ছিল বিশাল জমিদারি। হাতির স্নানের জন্য তিনি বাড়ির পাশে এক একর ৩৪ শতাংশ জায়গায় পুকুর খনন করেন।
মসূয়ায় যত দিন সত্যজিৎ পরিবারের বসবাস ছিল, তত দিন ওই পুকুরটি হাতির গোসলের কাজে ব্যবহার হতো। পুকুরটি এখন বেদখল হয়ে আছে। দখলস্বত্ব প্রতিষ্ঠা করেছেন মসূয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। আবু বক্কর মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি।
আবু বক্কর ছিদ্দিক দাবি করেন, পুকুরটি সত্যজিৎ রায়ের পরিবারের নয়, ব্যক্তিমালিকাধীন। তিনি এটি কিনে রেখেছেন। পুকুরটি কৃষিজমি হয়ে যাওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, পুকুরের পারে বাগানের মতো ছিল। পাশে ধান চাষও করা হতো। দলিলের আগে মাঠ রেকর্ডের বিষয়ে বলেন, ‘আমি আগে বায়না করে রেখেছিলাম। এই কারণে দলিলের আগে মাঠ রেকর্ড হয়ে যায়।’
স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন, হাতির গোসলের জন্য বিশাল আকারের আলাদা পুকুর খনন করার মধ্যে দিয়ে সত্যজিৎ পরিবারের জমিদারির আভিজাত্য ও শৌখিনতা ফুটে ওঠে। কালক্রমে এটি ‘হাতি পুকুর’ হিসেবে পরিচিতি লাভ করে। এখন পর্যন্ত পর্যটকদের কাছে পুকুরটি আকর্ষণীয় স্থান হিসেবে গুরুত্ব পেয়ে আসছে। ১৮৮৭ সালে রায় পরিবার তাদের বাড়ির পাশে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে। পরে প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৫ সাল থেকে মসূয়া উচ্চবিদ্যালয়ে হিসেবে পরিচালিত হয়ে আসছে। তখন রায় পরিবারের দেওয়া অর্থ দিয়ে বিদ্যালয়টি পরিচালিত হতো। ওই পরিবারের সবাই মসূয়া ত্যাগ করার পর বিদ্যালয়টি অর্থকষ্টে পড়ে। তখন রায় পরিবারের প্রতিনিধিরা বিদ্যালয় কর্তৃপক্ষকে হাতি পুকুর পরিচালনার দায়িত্ব দেন। পুকুর ইজারা থেকে প্রাপ্ত অর্থ বিদ্যালয় পরিচালনার কাজে ব্যবহার হয়ে আসছিল।
১৯৮৪ সালে সারা দেশে মাঠ জরিপ শুরু হয়। ওই জরিপে আবু বক্কর পুকুরটিকে কৃষিজমি দেখিয়ে নথিভুক্ত করেন। ১৯৮৫ সালের ১৪ জানুয়ারি জনৈক জহুরা খাতুন নামে এক নারী পুকুরটি আবু বক্করকে দলিল করে দেন। বিষয়টি তিনি কয়েক বছর গোপন রাখেন। এমনকি স্বত্বও প্রতিষ্ঠা করতে যাননি। ১৯৯০ সালে বিএনপির শাসনামলের আবু বক্কর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তখন তিনি অনুকূল পরিবেশকে কাজে লাগিয়ে পুকুরটি নিজের নিয়ন্ত্রণে নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম প্রশ্ন রেখে বলেন, বিধান হলো আগে দলিল, পরে মাঠ রেকর্ড। এই ক্ষেত্রে ঘটেছে উল্টো। তা ছাড়া পুকুরটি এখনো আগের অবস্থায় আছে। এত বড় গভীর পুকুর কীভাবে কৃষিজমি হয়ে গেল।
বিদ্যালয় কর্তৃপক্ষও চেয়ারম্যানের দাবি চ্যালেঞ্জ করে কিশোরগঞ্জ দেওয়ানি আদালতে মামলা করেন। দীর্ঘ সময়ে মামলার রায় দুবার বিদ্যালয়ের পক্ষে আসে। রায় পেলেই চেয়ারম্যান আবার আপিল করেন। এখনো পুকুরটি চেয়ারম্যানের নিয়ন্ত্রণে আছে।
সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ির তত্ত্বাবধায়ক কাতর্তিক চন্দ্র দাস বলেন, ‘আমরা কেন, সবাই জানে পুকুরটি বাবুদের (রায় পরিবার)। এই পুকুরে হাতি গোলস করাত।’
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সত্যজিৎ রায়ের বাড়ির অদূরে সড়কের পাশে পুকুরটির অবস্থান। পুকুরটিতে মাছের পোনা ছেড়েছেন চেয়ারম্যান। জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম জাকারিয়া জানান, দলিলের আগে মাঠ রেকর্ড হওয়ার সুযোগ নেই। তবে এর প্রতিকার পেতে আদালত ছাড়া আর কোনো বিকল্প নেই।