সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় বৈশাখী মেলা
মুখর হয়ে উঠেছে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটায় আয়োজিত বৈশাখী মেলা। দোকানে দোকানে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আছে চুড়ি-ফিতা, মাটির তৈজসপত্র, শিশুদের খেলনা, কৃষিপণ্য, ফলমূল এমনকি আসবাব। অনেকে সেসব পণ্য কিনছেন। কেউ কেউ ঘুরে দেখছেন। ছোট ছেলেমেয়েরা কে কার আগে নাগরদোলায় চড়বে, তা নিয়ে মহাব্যস্ত।প্রতিবছর বৈশাখের শেষ বুধবার এই মেলা বসে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়ায়। ১০ দিন ধরে চলে মেলাটি। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ হরি কিশোর রায় চৌধুরী প্রায় ২০০ বছর আগে কালভৈরবী পূজা উপলক্ষে এ মেলার প্রচলন করেন। জমিদারবাড়ির প্রায় ৪০০ একর জমিসহ পাশের বিশাল এলাকাজুড়ে মেলাটি বসে। এবারের মেলায় চার শতাধিক দোকান বসেছে।মনোহরদীর হাতিরদিয়া থেকে চুড়ি নিয়ে এসেছেন সুফিয়া খাতুন। তিনি বলেন, ‘এই মেলায় অনেকবার এসেছি। তবে এবার বিক্রি কিছুটা কম।’ ঢাকার নবাবগঞ্জ থেকে প্রসাধনসামগ্রী বিক্রি করতে এসেছেন হাসনা ও মামুন দম্পতি। তাঁরা বলেন, ‘আমরা ১০ বছর ধরে এই মেলায় আসি। এই মেলায় নারী ক্রেতা পাওয়া যায় বেশি।’মেলা উদ্যাপন কমিটির সদস্য আলাউদ্দিন ভাসানী জানান, দেশের বিভিন্ন স্থান থেকে কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা এ মেলায় আসেন।