সত্যতা মিলেছে সরকারি তদন্তে
মাগুরায় ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানের নামে ভুয়া প্রকল্প সাজিয়ে ২৪ কোটি টাকার খয়রাতি সাহায্য (জিআর) আনার সত্যতা মিলেছে সরকারি তদন্তে। জেলা প্রশাসকের নির্দেশে জেলার চার উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এ তদন্ত পরিচালনা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়েছিল।
গত শনিবার প্রথম আলোয় ‘ভুয়া প্রকল্পে ২৪ কোটি টাকা! মাগুরায় ১৭৭৬টি ওয়াজ মাহফিল ও নামযজ্ঞ অনুষ্ঠানে বরাদ্দ’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
তদন্তের সঙ্গে যুক্ত সূত্র প্রথম আলোকে জানায়, সদর উপজেলায় ১ হাজার ৩০টি প্রকল্পের সব কটিই ভুয়া। এর মধ্যে ৬২৫টি প্রকল্পের অস্তিত্বই পাওয়া যায়নি। ৪০৫টি প্রকল্পের ঠিকানায় কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। শ্রীপুর উপজেলার ১১০টি প্রকল্পের সব কটিই ভুয়া। এখানে ৫০টি প্রকল্পে দুবার করে বরাদ্দ দেওয়া হয়েছে। শালিখা উপজেলার ২০৮টি প্রকল্পের মধ্যে ১৭৯টি ভুয়া। বাকি ২৯টি ঠিকানায় ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে।
তবে জিআরের এই প্রকল্পগুলোর সঙ্গে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। এখানেও ৫০টি প্রকল্পে দুবার করে বরাদ্দ দেওয়া হয়েছে। মহম্মদপুরের ৩১২টি প্রকল্পের ৩০৯টিই ভুয়া। বাকি তিনটিতে ধর্মীয় অনুষ্ঠান হয়। তবে এই জিআর প্রকল্পের সঙ্গে সেগুলো সম্পৃক্ত নয়।
প্রশাসন সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগে আগে একের পর এক জিআর প্রকল্পের নামে বরাদ্দ আসতে থাকলে জেলা প্রশাসনের সন্দেহ হয়। ফলে তারা প্রকল্পের বরাদ্দ ছাড় বন্ধ রেখে খোঁজখবর নিতে থাকে।
জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ইউএনও দিয়ে প্রকল্পগুলো তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদন আমরা পেয়েছি এবং মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।’ তিনি জানান, ওই সব প্রকল্পে বরাদ্দ দেওয়া কোনো খাদ্যশস্য ছাড় করা হয়নি।
শ্রীপুর উপজেলার পশ্চিমপাড়ায় নামযজ্ঞ খোলায় ধর্মীয় অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ প্রকল্পে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সুধীর অধিকারী নামের এক ব্যক্তিকে ওই প্রকল্পের সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। সুধীর অধিকারী (৬৫) প্রথম আলোকে বলেন, ওই নামে কোনো প্রতিষ্ঠান নেই। তিনি বলেন, ‘পশ্চিমপাড়ায় একটি মন্দির আছে।
আমি ওই মন্দিরের সভাপতি। পাড়ার মন্দির। সর্বজনীন মন্দির না। এখানে ওই ধরনের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় না। আমি সাহায্যের জন্য কোথাও কোনো আবেদনও করিনি। সরকারিভাবে তদন্তে এসেছিল। আমি বলেছি, ওই ব্যাপারে আমি কিছু শুনিনি। জানিও না।’
এই আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুল ওয়াহ্হাব প্রথম আলোকে বলেন, ‘আমি ওই প্রকল্পগুলো সম্পর্কে কিছুই জানি না। ডিও লেটারও (আধা সরকারিপত্র) দিইনি। সবই ভুয়া।’ তিনি দাবি করেন, অনৈতিক ওই কাজের সঙ্গে একটা চিহ্নত চক্র জড়িত। তদন্ত করে এদের পরিচয় বের করতে হবে।
সাংসদ আবদুল ওয়াহ্হাব প্রথম আলোর কাছে পাঠানো এক পত্রেও এসব প্রকল্পের জন্য তিনি কোনো ডিও দেননি বলে জানান। পত্রে তিনি বলেছেন, কোনো অসৎ চক্র দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মচারীদের যোগসাজশে এটা করেছে।
শালিখা উপজেলার থৈপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি সুবোধ মজুমদার (৭৭) প্রথম আলোকে বলেন, গ্রামে কখনো ওয়াজ মাহফিল হয়নি। আর ওয়াজ মাহফিল হওয়ার সুযোগও নেই। গ্রামে ৩৬৫ ঘর হিন্দু আর ৫-৬ ঘর মুসলমান। আগে সবই হিন্দু ছিল। মুসলমান পরিবারগুলো পরে এসে বাড়ি করেছে। তাহলে গ্রামে ওয়াজ মাহফিল হবে কী করে?’
সদর উপজেলার লস্করপুর পালপাড়া সর্বজনীন মন্দির ও আন্দোলবাড়িয়া কালীমন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য ৩ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। লস্করপুর গ্রামের মাজহারুল ইসলাম নামে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্র প্রথম আলোকে বলেন, ‘লস্করপুর ও আন্দোলবাড়ি গ্রাম দুটি পাশাপাশি। গ্রাম দুটিতে হিন্দু সম্প্রদায়ের কেউ বসবাস করেন না। তাই এখানে মন্দির নেই। শুনেছি এখানে সরকারি তদন্ত এসেছে।’
মহম্মদপুরের বড়রিয়া পশ্চিমপাড়া গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাবেক সেনাসদস্য গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘আমাদের এখানে ওয়াজ মাহফিল হয় না। যারা আমাদের নাম ভাঙিয়ে সরকারি টাকা নিচ্ছে, তাদের ধরিয়ে দিতে হবে। আমি ইউএনও সাহেবের কাছে যাব। অভিযোগ দেব।’
এই আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি প্রথম আলোকে বলেন, ‘ভুয়া ওই প্রকল্পগুলোর কোনোটিতেই আমি ডিও (আধা সরকারিপত্র) দিইনি। কোনো চক্র আমার স্বাক্ষর জাল করে এটি করে থাকতে পারে। এই চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তার করা উচিত।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রথম আলোকে এক চিঠিতে জানিয়েছে, ‘ভুয়া প্রকল্পে ২৪ কোটি টাকা!’ শীর্ষক সংবাদটি তাদের দৃষ্টিতে এসেছে। জিআর বরাদ্দের নীতিমালা উল্লেখ করে চিঠিতে জানানো হয়, তদন্ত প্রতিবেদন পেলে মন্ত্রণালয় এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবে।