সত্যনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী ছিলেন ফয়েজ আহ্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক ফয়েজ আহ্মদ সত্যনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী ছিলেন। দৃঢ় মনোবলের অধিকারী হওয়ায় অকপটে সত্য কথা বলতেন। দেশের সাংবাদিকতা, সাহিত্য ও সাংস্কৃতিক জগতে তাঁর অবদান অনস্বীকার্য। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ফয়েজ আহ্মদ স্মরণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই আলোচনা সভার আয়োজন করে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন। স্মরণসভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘ফয়েজ আহ্মদকে জানতে হলে বিস্তৃত গবেষণার প্রয়োজন। তাঁকে আমরা যতটা চিনি, ততটাই তিনি অচেনা জীবন যাপন করে গেছেন। ফয়েজ আহমদ তাঁর ব্যক্তিত্বের গুণেই এরশাদবিরোধী আন্দোলনের সময় দুই নেত্রীকে একসঙ্গে বৈঠকে বসাতে পেরেছিলেন।’ মুজাহিদুল ইসলাম আরও বলেন, ‘আমাদের রাজনীতিতে সংস্কৃতির অভাব ঘটেছে। আর সংস্কৃতিতে ঘটেছে রাজনীতির অভাব। তবে ফয়েজ আহ্মদ এ দুটোর যোগসূত্র স্থাপন করতে পেরেছিলেন সফলভাবে।’অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘ফয়েজ আহ্মদ সব আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। সাহিত্যিক হিসেবে তিনি প্রমাণ করেছেন, লেখার মাধ্যমে কীভাবে মানুষের কাছে পৌঁছাতে হয়। তিনি কখনো ভ্রান্তপথের সঙ্গে যুক্ত ছিলেন না। রাজনীতি ও সমাজনীতি এবং সাংস্কৃতিক জগতে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিলেন। আমাদের মতো মধ্যবিত্তদের সৎ থাকা কঠিন। তবে ফয়েজ আহ্মদ সৎ ছিলেন। আর তিনি সৎ ছিলেন বলেই স্বাধীন ছিলেন।’সাংবাদিক কামাল লোহানী বলেন, ফয়েজ আহ্মদ একজন যোদ্ধা ও সংগঠক। জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সব সময় কাজ করতেন।সাংবাদিক আতাউস সামাদ বলেন, ‘ফয়েজ আহ্মদ সংবাদপত্রের স্বাধীনতার জন্য কাজ করেছেন। তিনি বিশ্বাস করতেন, কারও সম্পর্কে মিথ্যা সংবাদ দেবার অধিকার সাংবাদিকদের নেই। এই মহান ব্যক্তি সম্পর্কে ব্যাপক গবেষণা করা দরকার।’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস অনুষ্ঠান সঞ্চালনা করেন। বিভাগের শিক্ষক শাওন্তী হায়দার ফয়েজ আহ্মদের সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেন। এ ছাড়া সাখাওয়াত আলী খান, সৈয়দ মোহাম্মদ শাহেদ প্রমুখ সভায় আলোচনা করেন।