সত্যপ্রিয় পাঠাগারে তিনটি কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামুর কেন্দ্রীয় সীমা বিহারে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগার’-এ তিনটি কম্পিউটারসহ কিছু সরঞ্জাম দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা দেড়টায় একটি কম্পিউটারে ‘কম্পিউটার শিখি, বিশ্বকে জানি’ কথাটি লিখে কম্পিউটারগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করেন বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের।
গত ৬ মার্চ পণ্ডিত সত্যপ্রিয় পাঠাগারের উদ্বোধন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ভিক্ষুদের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে গতকাল তিনটি কম্পিউটারসহ আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহ করা হয়। দৃষ্টিনন্দন সীমা বিহারের তৃতীয় তলায় ৪০০ বর্গফুটের ওই পাঠাগারে প্রতিদিন অসংখ্য মানুষ বই পড়ার পাশাপাশি এখন কম্পিউটার ব্যবহারের সুযোগ পাবেন।
গতকাল সত্যপ্রিয় মহাথেরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, রামু প্রেসক্লাবের উপদেষ্টা ও ছড়াকার দর্পণ বড়ুয়া, স্থানীয় মেরংলোয়া গ্রামের শিক্ষক বিপুল বড়ুয়া, প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।
সত্যপ্রিয় মহাথের বলেন, ‘২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতের হামলায় এ বৌদ্ধ বিহার ধ্বংস হয়। তখন ৩০টি আলমারিতে রাখা হাজার বছরের পুরোনো ত্রিপিটক, ধর্মীয় গ্রন্থসহ নানা দলিলপত্রে সমৃদ্ধ পাঠাগারটি পুড়ে যায়। সরকার নতুন বিহার করে দিলেও পাঠাগারের যে অভাব ছিল, সেটা পূরণ করে দিয়েছে প্রথম আলো। এ জন্য প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সংশ্লিষ্ট সবার প্রতি আমরা কৃতজ্ঞ। এখন কম্পিউটারের মাধ্যমে এলাকার শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিকে জয় করে বিশ্বকে দেখার সুযোগ পাবে।’
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ‘রামু হামলার পর থেকেই প্রথম আলো আমাদের সঙ্গে রয়েছে। বিশেষ করে সত্যপ্রিয় পাঠাগারটি তৈরি করে দিয়ে প্রথম আলো এলাকায় আলো ছড়ানোর ব্যবস্থা করেছে। যে আলোয় অনেকে আলোকিত হচ্ছে।’