আজকাল অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য তাঁদের ব্যক্তিগত স্বার্থে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু অধ্যাপক হাবিবুর রহমান এসব ব্যক্তিস্বার্থ ও নোংরা রাজনীতির ঊর্ধ্বে থেকে সত্যিকারের শিক্ষকতা করে গেছেন। স্পষ্টভাষী, অসাম্প্রদায়িক এবং মনেপ্রাণে একজন বাঙালি ছিলেন তিনি। সমাজ ও শিক্ষার উন্নয়নে তাঁর অবদান অপরিসীম। দলমতের ঊর্ধ্বে থেকে আমৃত্যু সত্যের পক্ষে কাজ করে গেছেন বলে তিনি সব সময়ের জন্য স্মরণীয় একজন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রয়াত উপাচার্য এম হাবিবুর রহমানের একাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী। গতকাল রোববার মেট্রোপলিটন ইউনিভার্সিটির অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক গাজী সাইফুল হাসানের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন সহ-উপাচার্য শিবপ্রসাদ সেন, আইন অনুষদের ডিন অধ্যাপক এম রবিউল হোসেন, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক নজরুল হক চৌধুরী ও রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর।
বক্তারা অধ্যাপক এম হাবিবুর রহমানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইমাম হাফিজ মোহাম্মদ ইসমাইল হোসেন।