সত্যিকারের স্বাধীন স্থানীয় সরকার গড়ে তোলা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের সব স্তরেই এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ আধিপত্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের মধ্যে বৈধতার সংকট কাজ করেছে। তারা জনপ্রিয়তা প্রমাণের তাগিদ অনুভব করে। এ জন্য স্থানীয় সরকারের নির্বাচনগুলোতে সর্বশক্তি নিয়োগ করেছে।

তবে নারায়ণগঞ্জ আর উপজেলা পরিষদের প্রথম দিকে কিছু বাদ দিলে প্রায় সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ ছিল। নির্বাচন হচ্ছে বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে অনেক বিকল্পের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচনে এর ঘাটতি ছিল। জেলা পরিষদ নির্বাচন তো আইনের ঘাটতি নিয়েই সম্পন্ন হলো। যে আইনের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন হয়েছে তা অত্যন্ত সেকেলে।

আরেকটা বিষয় হচ্ছে, রাজনৈতিক দলগুলো সব সময় কিছু মানুষকে ফায়দা দেওয়ার চেষ্টা করে। পদ-পদবি দিয়ে ক্ষমতার ভাগ দিতে চায়। স্থানীয় সরকারব্যবস্থা এই ফায়দা দেওয়ার একটা বড় জায়গা। আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়টিই গড়ে উঠেছে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ঘিরে। এ জন্যই দীর্ঘদিন ধরে দলের সাধারণ সম্পাদককে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এখন যেহেতু নির্বাচন হয়ে গেছে। সরকারের উচিত সত্যিকারের স্বাধীন স্থানীয় সরকারব্যবস্থা গড়ে তোলা। না হলে স্থানীয় সরকার মন্ত্রী, সাংসদ ও নেতাদের ত্রিমুখী দ্বন্দ্বে রূপ নেবে। তাই আইন যুগোপযোগী করে ও সত্যিকারের স্বাধীনতা দিয়ে শক্তিশালী করতে হবে। তাহলেই মানুষ এর উপকার ভোগ করতে পারবে। নতুবা ফায়দা দেওয়া ও নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে স্থানীয় সরকারব্যবস্থা।

বদিউল আলম মজুমদার: সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক