
নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। সম্ভাব্য দুই মনোনয়নপ্রত্যাশী বর্তমান সাংসদ আবদুল মালেক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিলের মনোনয়ন পাওয়ার খবর নিয়ে স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় উঠেছে।
নওগাঁর ছয়টি আসনের মধ্যে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সাংসদ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) সাংসদ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে সাংসদ ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৪ (মান্দা) আসনে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এবং নওগাঁ-৬ (রানীনগর ও আত্রাই) আসনে সাংসদ ইসরাফিল আলম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
তবে নিজাম উদ্দিন জলিল তাঁর ফেসবুক পেজে দলের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়ন ফরমের ছবি পোস্ট করেন। এদিকে আবদুল মালেকের সমর্থকেরাও ফেসবুকে মালেকের মনোনয়ন পাওয়ার বিষয়টি জানিয়ে স্ট্যাটাস দেন। এতে ধূম্রজালের সৃষ্টি হয়।
জানতে চাইল নিজাম উদ্দিন জলিল প্রথম আলোকে বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পেয়েছি। আমার দলীয় মনোনয়নের ছবি ফেসবুকে শেয়ার করেছি। আমি দলীয় মনোনয়ন না পেলে তাহলে আমি কি ভুয়া মনোনয়ন অ্যাডিট করে ফেসবুকে দিয়েছি!’
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই সাবেক সাংসদদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। শুধু নওগাঁ সদরে (নওগাঁ-৫) আসনে নতুন মুখ এসেছে। এখানে জননেতা আবদুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিলকে মনোনয়ন দেওয়া হয়েছে।’
এ বিষয়ে মন্তব্য জানার জন্য আবদুল মালেকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।