বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিভিন্ন পদে দলীয় সমর্থন ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর আগে দুই দফায় জেলার ১০টি উপজেলার পাঁচটিতেই জয়ী হওয়ার পর সদর উপজেলায়ও নিজেদের প্রার্থীকে জয়ী করতে মরিয়া জামায়াত। গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে তারা দলীয় সমর্থনের কথা জানায়।
সদর উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনে সাধারণত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করেন। তাই উপজেলা নির্বাচনে এখানে জামায়াত প্রার্থী দেবে না বলে ধারণা করেছিলেন বিএনপির নেতা-কর্মীরা। কিন্তু প্রার্থী দিয়ে বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলে মনে করছেন তাঁরা। এখানে চেয়ারম্যান পদে বিএনপির বেশ কয়েকজন নেতা প্রতিদ্বন্দ্বিতা করায় জামায়াতের প্রার্থী জয়ী হবেন বলে ধারণা করছেন অনেকে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম অবশ্য দাবি করেন, ‘জামায়াত চ্যালেঞ্জ ছুড়ে দিলেও জনগণ বিএনপির প্রার্থীকেই ভোট দেবে।’ ৩১ মার্চ এ নির্বাচন হবে।
বগুড়া প্রেসক্লাবে গতকাল বেলা ১১টায় সংবাদ সমেঞ্চলন করে জামায়াত। এতে জেলা জামায়াতের আমির (সহিংসতার মামলায় আসামি হিসেবে কারাবন্দী) মো. শাহাবুদ্দীনকে চেয়ারম্যান পদে, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবিদুর রহমানকে ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা জামায়াতের নেত্রী সাজেদা সামাদকে নারী ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া হয়। আর গাবতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মজিদকে ভাইস চেয়ারম্যান পদে সমর্থন দেওয়া হয়। গাবতলীতে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউকে সমর্থন দেয়নি দলটি। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলমগীর হুসাইন সংবাদ সম্মেলনে দলীয় সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সংসদ নির্বাচনে খালেদা জিয়া এই আসনে নির্বাচন করলেও বিজয়ী হওয়ার পর আসন ছেড়ে দেন। এ কারণে উপজেলা নির্বাচনে বিএনপিকে ‘ছাড়’ দেওয়া সম্ভব নয়। তবে খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে গাবতলী উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়া হয়নি।
খোঁজ নিয়ে জানা গেছে, সদর ও গাবতলীতে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় বিএনপি দুই নেতাকে সমর্থন দিলেও অন্যরা মাঠ ছাড়েননি। সদরে জেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আলী আজগর তালুকদারকে দল থেকে সমর্থন জানানো হয়। কিন্তু সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেঞ্চদ খান, শহর বিএনপির সভাপতি মাহবুবর রহমান, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওমর ফারুক খান এবং বিএনপির নেতা মোজামেঞ্চল হক মনোনয়ন প্রত্যাহার করেননি। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একাধিক নেতা জানান, সরকারবিরোধী আন্দোলনে নিষ্ক্রিয় নেতাদের যেখানেই প্রার্থী করা হয়েছে, সেখানেই দল পরাজিত হয়েছে। সদর উপজেলায় বিএনপি সেই পরিণতির দিকে এগোচ্ছে বলে আশঙ্কা তাঁদের। সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী আলী আজগর তালুকদার বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের সব নেতা মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে আমার পক্ষে কাজ করবেন বলে আমার বিশ্বাস।’
গাবতলীতে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের নাম ঘোষণা করা হলেও মাঠে আছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র মোরশেদ মিলটন। মিলটন বলেন, ‘আমার জানামতে, ম্যাডাম (খালেদা জিয়া) এখনো গাবতলীর ব্যাপারে সিদ্ধান্ত নেননি। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটাই মেনে নিব।’ গাবতলীতে ২৩ মার্চ নির্বাচন হবে।
জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলমগীর হুসাইন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই, আন্দোলন-সংগ্রামে জোট অটুট আছে। উপজেলা নির্বাচনে আমরা এককভাবে প্রার্থী দিয়ে লড়ছি। সৎ ও যোগ্য প্রার্থী দেওয়ার কারণে আওয়ামী লীগ-বিএনপি সব দলের লোকজনই জামায়াতের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করছেন।’
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, ‘১০ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীদের পরাজয়ের অন্যতম কারণ দলীয় কিছু নেতা-কর্মীর বিশ্বাসঘাতকতা। এখন যেভাবেই হোক, বাকি উপজেলাগুলোতে ‘বিদ্রোহী প্রার্থী’দের বুঝিয়ে নির্বাচন থেকে সরে রাখতে হবে। তা না হলে ফলাফল জামায়াতের পক্ষে যাবে।’