গাইবান্ধা-ফুলছড়ি-সাঘাটা সড়কের বাদিয়াখালী নামক স্থানে আলাই সেতুর ছাদের অর্ধেক অংশ গত সোমবার দুপুরে দেবে গেছে। এ কারণে জেলা শহরের সঙ্গে ফুলছড়ি ও সাঘাটা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার জন্য সোমবার এলাকায় নোটিশ টাঙিয়ে দিয়েছে। নোটিশে ফুলছড়ি উপজেলার কালীরবাজার ও মদনেরপাড়া হয়ে জেলা শহরে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই সেতু হঠাত্ দেবে যাওয়ায় সোমবার বিকেল থেকে সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে।গাইবান্ধা সওজ সূত্র জানায়, ব্রিটিশ আমলে আলাই নদীর ওপর এই সেতু নির্মিত হয়। কিন্তু অদ্যাবধি সংস্কার করা হয়নি। এমনকি সেতুর দক্ষিণাংশে সংযোগ সড়ক ধসে যাওয়ায় সেখানে ইস্পাতের ছাদ দেওয়া হলেও সেটিও এখন ঝুঁকিপূর্ণ। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী গ্রামের শিক্ষক মকবুল হোসেন (৫৬) বলেন, সেতুর উভয় পাড়ে রয়েছে বাদিয়াখালী বাজার। এ কারণে লোক ও যানবাহন পারাপারে সেতুতে সব সময় ভিড় লেগেই থাকে। কিন্তু সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে আছে। আর সোমবার সেতুটি দেবে যায়। তিনি বলেন, এটি মেরামতের জন্য গত সংসদ নির্বাচনে অনেক প্রার্থী প্রতিশ্রুতি দিলেও পরে আর কাজ হয়নি।বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুল হক বলেন, এই সেতুর ওপর দিয়ে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, এরেন্ডাবাড়ী, ফজলুপুর, উদাখালী, উড়িয়া, সদর উপজেলার বোয়ালি, সাঘাটা উপজেলার হলদিয়া, ভরতখালী, বোনারপাড়া, জুমারবাড়ী, পদুম শহর, সাঘাটা সদর, ঘুড়িদহ, কামালেরপাড়া ও কচুয়া ইউনিয়নের প্রায় পাঁচ লাখ মানুষ জেলা শহরে যাতায়াত করে। অথচ গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কারে জেলা প্রশাসক ও সওজ বিভাগ বরাবর লিখিত আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি। সঠিক সময়ে সেতুটি সংস্কার করা হলে দেবে যেত না।এ প্রসঙ্গে গাইবান্ধা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন বলেন, ইতিমধ্যে সেতুটি সংস্কারের জন্য ১২ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু অনুমোদন না পাওয়ায় সংস্কার করা যায়নি। তবে এখানে বেইলি সংযোগের জন্য চেষ্টা করা হচ্ছে।