সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রার্থিতা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপি হওয়ায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সারওয়ারের প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।গত রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও জাহাংগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ওই আদেশ দেন। ওই আদেশের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের আদেশ বহাল রইল।মামলার রিটকারী কুমিল্লার চিকিৎসক এ বি এম খুরশিদ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। জানতে চাইলে গোলাম সারওয়ার গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমি আইনি লড়াই চালিয়ে যাব। কোনোভাবেই আমি ঋণখেলাপি নই।’জানা যায়, ২০০৮ সালের ১৯ ডিসেম্বর সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম ঋণখেলাপি হওয়ায় গোলাম সারওয়ারের মনোনয়নপত্র বাতিল করেন। পরে রিটার্নিং কর্মকর্তার ওই আদেশের বিরুদ্ধে তিনি আপিল করেন।আপিল কর্তৃপক্ষ তাঁর আপিল খারিজ করে দেন। এ অবস্থায় গোলাম সারওয়ার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আপিল আদেশের ওপর তিন মাসের স্থগিতাদেশের মাধ্যমে নির্বাচন করার সুযোগ পান। পরে গোলাম সারওয়ার নির্বাচন করে জয়ী হন। তাঁর প্রার্থিতা নিয়ে পরে রিট করেন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এ বি এম খুরশিদ আলম। ওই রিটের পর দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এ রায় দেয়।মামলার রিটকারী এ বি এম খুরশিদ আলম বলেন, ‘নির্বাচনের সময় গোলাম সারওয়ার বিভিন্ন তফসিলি ব্যাংকের ৩০ কোটি টাকা খেলাপি ঋণের তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন। একই সঙ্গে তিনি হলফনামায় দায়/ঋণ বিষয়ে কোনো ঘোষণা দেননি। যে কারণে হাইকোর্ট ওই রায় দেন। এর মাধ্যমে জনতার জয় হলো।’