‘ল্যান্স নায়েক সহকারী গোলাম সারোয়ার, আপনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে কোত ও ম্যাগজিন থেকে অস্ত্র নিয়ে বিদ্রোহে অংশ নিয়েছিলেন।’ ‘নায়েক এ এস এম সালাউদ্দিন, আপনি বিদ্রোহ সচল রাখতে সাঁজোয়া যান (আরমারড পারসোনাল ক্যারিয়ার-এপিসি) মেরামত করে দিয়েছেন কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই।’ ‘সুবেদার মোজাফফর, আপনার বাসা থেকে একটি রক্তমাখা ইউনিফর্ম এবং একজন নিহত সেনা কর্মকর্তার মোবাইল ফোন উদ্ধার করা হয়।’বিডিআরে বিদ্রোহের মামলায় পিলখানায় বিডিআর সদর দপ্তরের বিভিন্ন পরিদপ্তর, শাখা ও সংযুক্ত ইউনিটগুলোর ৩৩৭ জন আসামির বিরুদ্ধে এ রকম ১১ ধরনের অভিযোগ আনা হয়েছে। গতকাল রোববার বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-১০-এ এই মামলার ১৬০ জন আসামিকে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ পড়ে শোনানো হয়। কাল মঙ্গলবার বাকি আসামিদের অভিযোগ পড়ে শোনানো শেষে তাঁরা দোষী না নির্দোষ—তা জানতে চাওয়া হবে।গতকাল বেলা পৌনে ১১টার দিকে বিশেষ আদালত-১০-এর কার্যক্রম শুরু হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান। তাঁকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল নুরুল আলম, মেজর এস এম কাওসার ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মো. ইজারুল হক আকন্দ। প্রসিকিউটর ছিলেন মেজর মোকাইদ মো. আলী। বিশেষ প্রসিকিউটর হিসেবে ছিলেন আইনজীবী মোশারফ হোসেন কাজল, শাহনেওয়াজ টিপুসহ কয়েকজন আইনজীবী। দুই দফা বিরতি দিয়ে আদালত চলে দুপুর সোয়া দুইটা পর্যন্ত।সদর দপ্তরের মহাপরিচালকের সচিবালয়, অপারেশন ও প্রশিক্ষণ পরিদপ্তর, প্রশাসনিক পরিদপ্তর, যোগাযোগ পরিদপ্তর, চিকিৎসা পরিদপ্তর, রক্ষণাবেক্ষণ ও নির্মাণ শাখা, হিসাব শাখা এবং রাইফেলস ক্রীড়া বোর্ডের (আরএসবি) সদস্যরা এই মামলার আসামি। গতকাল সব আসামিকে আদালতে হাজির করা হয়।১১ ধরনের অভিযোগ: আদালতের কার্যক্রমের শুরুতে প্রসিকিউটর বলেন, বিডিআরের সবচেয়ে দক্ষ, অনুগত ও বিশ্বস্তদেরই পিলখানা সদর দপ্তরে নিয়োগ দেওয়া হয়। কিন্তু তাঁরা সব বিশ্বাস ভঙ্গ করে তাঁদের কর্মকর্তাদের হত্যা করেছেন। তিনি আসামিদের বিরুদ্ধে ১১ ধরনের অভিযোগ আনেন। এর মধ্যে রয়েছে ২৬৮ জনের বিরুদ্ধে কোত ও ম্যাগজিন (অস্ত্রাগার) ভেঙে লুট করা অস্ত্র নিয়ে বিদ্রোহে অংশগ্রহণ, ৮৬ জনের বিরুদ্ধে নির্দেশ অমান্য করে দরবার হল ত্যাগ, ৬৯ জন নিয়োগধারীর বিরুদ্ধে অধীনস্থদের নিয়ন্ত্রণ না করা, ৫৩ জনের বিরুদ্ধে বিদ্রোহ প্রতিরোধ না করে নিষ্ক্রিয় থাকা, ২৯ জনের বিরুদ্ধে উসকানিমূলক তথ্য ছড়ানো ও পরিকল্পনা করা, ১২ জনের বিরুদ্ধে এপিসি নিয়ে টহল দেওয়া, পাঁচজন ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে বিদ্রোহে সাহায্যের জন্য সার্চলাইট স্থাপন, আটজন চালক ও দেহরক্ষীর বিরুদ্ধে কর্মকর্তাদের জীবনের তোয়াক্কা না করে বিদ্রোহে যোগ দেওয়া ইত্যাদি। অভিযোগ উত্থাপনের পর আদালত আসামিদের বিরুদ্ধে দলগত অভিযোগ পড়ে শোনান। এরপর প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো শুরু হয়। এ সময় দরবার হলে তিনটি বড় পর্দা ও চারটি ছোট এলসিডি মনিটরে লিখিত অভিযোগ ভেসে উঠছিল। গতকাল আদালত মুলতবি হওয়া পর্যন্ত ১৬০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়া শেষ হয়।